পটাশপুর: গ্রাম থেকে একসঙ্গে উদ্ধার ১১টি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। পটাশপুর থানার বড়হাট-৯ নম্বর অঞ্চলের শংকরগেড়িয়া গ্রাম থেকে উদ্ধার হয় বোমাগুলি।
জানা গিয়েছে, শংকরগেড়িয়া গ্রাম থেকে ১১টি তাজা বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। এরপর সুরক্ষাবিধি মেনে উদ্ধার হওয়া বোমাগুলি নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
পরে গোকুলপুর-১ নম্বর অঞ্চলের কনকপুর-কানাইডাঙ্গর খেলার মাঠে নিয়ে যাওয়া হয় বোমাগুলি। সেখানে নিরাপত্তার যাবতীয় নিয়ম মেনে বোম্ব স্কোয়াডের সদস্যরা একে একে ১১টি তাজা বোমা নিষ্ক্রিয় করেন।
একসঙ্গে এতগুলি তাজা বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কোথা থেকে কীভাবে এই বোমাগুলি সেখানে এল, সেগুলি মজুতের নেপথ্যে কারা রয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে গ্রামাঞ্চলে এভাবে তাজা বোমা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।











