নিজস্ব সংবাদদাতা, সবং: গুরু পূর্ণিমা উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মশাগ্রাম শিবানন্দ যোগাশ্রমে ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার আবহে পালিত হল আশ্রমের প্রতিষ্ঠাতা পরম পূজ্য স্বামী শিবানন্দ মহারাজের ১২৬তম জন্মজয়ন্তী। এদিন সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে পূজা, গুরুবন্দনা, নামসংকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে।
আশ্রম কর্তৃপক্ষের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত হন সবং বিধানসভার বিধায়ক অমল পণ্ডা। আশ্রমে পৌঁছানোর পর বর্তমান অধ্যক্ষ স্বামী মধুরূপানন্দ সরস্বতী মহারাজ ফুলের মালা পরিয়ে ও উত্তরীয় দিয়ে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নামসংকীর্তন। খোল, করতাল ও ঝাঁঝের সুরে ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে কীর্তনে অংশ নেন বিধায়ক অমল পণ্ডা। তাঁর এই অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণে ভক্তিময় পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গুরু-শিষ্য পরম্পরার গুরুত্ব ও মানবকল্যাণে আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রমে উৎসবের আবহ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।











