নিজস্ব প্রতিবেদক: রেলযাত্রীদের নিরাপদ ও মানসম্মত খাদ্য ও পানীয় সরবরাহ নিশ্চিত করতে ফের কড়া পদক্ষেপ নিল খড়গপুর রেল ডিভিশন। বুধবার শালিমার স্টেশনে পৌঁছনোর পর ১৭০৬৫ চারলাপল্লি–শালিমার অমৃত ভারত এক্সপ্রেস-এর প্যান্ট্রি কারে আকস্মিক তল্লাশি চালিয়ে ৩৬০ বোতল অনুমোদনহীন প্যাকেটজাত পানীয় জল (পিডিডব্লিউ) বাজেয়াপ্ত করা হয়।
রেল সূত্রে জানা গিয়েছে, খড়গপুর ডিভিশনের বাণিজ্য বিভাগ নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালায়। তল্লাশির সময় দেখা যায়, ট্রেনের প্যান্ট্রি কারে বিক্রির জন্য রাখা পানীয় জলের বোতলগুলি রেলের অনুমোদিত তালিকাভুক্ত নয়। যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে সমস্ত বোতল বাজেয়াপ্ত করা হয়।
রেল প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থার বিরুদ্ধে রেলের প্রযোজ্য নিয়ম এবং চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্বাস্থ্যবিধি, খাদ্যের মান এবং পরিষেবার গুণগত মান বজায় রাখতে ভবিষ্যতেও প্যান্ট্রি কার, ক্যাটারিং ইউনিট এবং ট্রেনে খাদ্য সরবরাহ ব্যবস্থার উপর নিয়মিত নজরদারি ও আকস্মিক পরিদর্শন চালানো হবে।
রেল কর্তৃপক্ষ যাত্রীদেরও সতর্ক করে জানিয়েছে, শুধুমাত্র অনুমোদিত রেল ক্যাটারিং কাউন্টার এবং প্যান্ট্রি কর্মীদের কাছ থেকেই খাদ্য ও পানীয় কিনতে হবে। কোনো অনিয়ম চোখে পড়লে অবিলম্বে রেল কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।











