নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: দিনদুপুরে অভিনব কায়দায় প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকায়। ‘গয়না পরিষ্কার করে দেওয়া হবে’ এই প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধার হাত থেকে সোনার বালা ছিনিয়ে নিয়ে মোটরবাইকে চেপে চম্পট দিল দুই দুষ্কৃতী। বুধবার ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মির্জাবাজারের বাসিন্দা মিরা ঘোষ বাড়িতে একাই থাকেন। তাঁর দেখাশোনার জন্য একজন পরিচারিকা রয়েছেন। ঘটনার সময় পরিচারিকাও বাড়িতে উপস্থিত ছিলেন। বৃদ্ধার অভিযোগ, দুটি যুবক মোটরবাইকে করে তাঁর বাড়িতে আসে। নিজেদের একটি সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিয়ে তারা দাবি করে, বিশেষ এক ধরনের পাউডার দিয়ে কাচ, রুপো-সহ বিভিন্ন ধাতব জিনিস একেবারে বিনামূল্যে পরিষ্কার করে দেওয়া হয়। প্রথমে সন্দেহ হওয়ায় দরজা খুলতে চাননি বৃদ্ধা। পরে যুবকরা কিছু কাগজপত্র দেখিয়ে নিজেদের পরিচয় দেওয়ায় তিনি দরজা খুলে দেন।
বিশ্বাস অর্জনের জন্য যুবকেরা প্রথমে একটি রুপোর হার পরিষ্কার করে চকচকে করে দেখায়। এরপর বৃদ্ধার হাতে থাকা সোনার বালাও পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব দেয়। বালা না খুলেই পরিষ্কার করতে বলেন বৃদ্ধা। সেই সময় এক যুবক জল খাওয়ার কথা বললে পরিচারিকা জল আনতে ভেতরে যান।
অভিযোগ, সেই সুযোগেই অপর যুবক আচমকা বৃদ্ধাকে ধাক্কাধাক্কি করে তাঁর হাত থেকে সোনার বালা খুলে নেয়। এরপর মুহূর্তের মধ্যেই দুই দুষ্কৃতী বাড়ি থেকে বেরিয়ে মোটরবাইকে চেপে পালিয়ে যায়। বৃদ্ধা চিৎকার করে বাইরে বেরোলেও ততক্ষণে তারা ধরা-ছোঁয়ার বাইরে চলে যায়। ঘটনার পর খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ঘটনার পর আতঙ্কিত মিরা ঘোষ বলেন, “আগে কখনও এমন ঘটনা ঘটেনি। মানুষকে বিশ্বাস করেই দরজা খুলেছিলাম। ভাবতেই পারিনি এভাবে প্রতারণার শিকার হতে হবে।” দিনদুপুরে এমন সাহসী ছিনতাইয়ের ঘটনায় মেদিনীপুর শহরে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির পরিচয় যাচাই না করে বাড়িতে প্রবেশের অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছে।
সবং বুলেটিন এর পক্ষ থেকে সতর্কবার্তা: 🚨
অপরিচিত কেউ বাড়িতে এসে পরিচয় দিলেই বিশ্বাস করবেন না। কোনও সংস্থার প্রতিনিধি দাবি করলে পরিচয়পত্র যাচাই করুন এবং একা থাকলে বাড়িতে প্রবেশের অনুমতি দেবেন না। সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।











