নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে ভুয়ো পরিচয়ের আড়ালে কোটি টাকার প্রতারণার জাল? পূর্ব মেদিনীপুরে এমনই বিস্ফোরক অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য। কখনও নিজেকে সাংবাদিক, কখনও রেলের উচ্চপদস্থ আধিকারিক, আবার কখনও ব্যাংকের কর্তা পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস। আর সেই প্রলোভনে পড়েই একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বুবাই দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার জেলা পরিষদে অনুষ্ঠিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে ভগবানপুরের বাসিন্দা মাসুমা বেগম জেলা সভাধিপতি বামদেব গুছাইতের হাতে লিখিত অভিযোগ তুলে দেন। অভিযোগ, কয়েক মাস আগে স্বামীর মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয়। প্রথমে নিজেকে একটি ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক বলে পরিচয় দিলেও, পরে কখনও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আধিকারিক, কখনও ব্যাংকের ম্যানেজার, আবার কখনও সরকারি প্রভাবশালী অফিসার পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
অভিযোগকারিণীর দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক যুবক-যুবতীর কাছ থেকে ফোন-পে ও নগদে মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা সংগ্রহ করা হয়। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও চাকরি মেলেনি। উল্টে টাকা ফেরত চাইতেই শুরু হয় টালবাহানা, এমনকি হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে জেলা সভাধিপতি বিষয়টি তদন্তের জন্য পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগ রয়েছে, কোলাঘাট থানার দেউলিয়া এবং পাঁশকুড়া থানার মেচগ্রামে অফিস খুলে এই প্রতারণার চক্র চালানো হতো। তবে অভিযোগ সামনে আসার পর দুটি অফিসই গুটিয়ে ফেলা হয়েছে বলে দাবি। অভিযুক্তের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ থাকায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












