নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দফায় দফায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক রয়েছে প্রশাসন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন শহরতলিতে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বিশেষ করে উত্তর কলকাতা এবং আশপাশের এলাকায় দফায় দফায় জোরালো বৃষ্টি হতে পারে। এর জেরে নিচু এলাকাগুলিতে জল জমা, রাস্তাঘাটে যানজট এবং সাধারণ জনজীবনে সাময়িক দুর্ভোগের আশঙ্কা রয়েছে।
শুধু কলকাতা নয়, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রাম,দুই মেদিনীপুরেও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে নদিয়া, হুগলি, বর্ধমান-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তার প্রভাব আরও স্পষ্ট হচ্ছে। ফলে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি জলমগ্ন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, ফের এক দফা দুর্যোগের আশঙ্কায় দক্ষিণবঙ্গ। কলকাতা থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম বৃষ্টির দাপটে আজ কোথাও যেন ভোগান্তি না বাড়ে, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।












