অরিজিৎ দাস অধিকারী, শিক্ষক: তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা..রবীন্দ্রনাথের এই পঙ্ক্তি যেন আজকের সময়ে নতুন অর্থ পেয়েছে। ক্যানভাস আর শুধু দেওয়ালে টাঙানো ছবি নয়, কিংবা কাগজের পাতায় বন্দি অক্ষরও নয়। মানুষের শরীরই আজ হয়ে উঠেছে এক চলমান ক্যানভাস। টি-শার্ট, পাঞ্জাবি কিংবা অন্যান্য পোশাকে লেখা, ছবি, কবিতা, স্লোগান ও নানা বার্তার মধ্য দিয়ে মানুষ প্রকাশ করছেন নিজের ভাবনা, পছন্দ, প্রতিবাদ, ভালোবাসা, অভিমান এমনকি জীবনদর্শনও।
লেখা ও রেখা মানবসভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গুহার দেওয়ালে প্রাগৈতিহাসিক মানুষের আঁকা ছবি থেকে মন্দিরের ভাস্কর্য, পুঁথি থেকে মুদ্রিত কাগজ সময়ের সঙ্গে বদলেছে ভাব প্রকাশের মাধ্যম। প্রযুক্তির অগ্রগতিতে সেই মাধ্যম পৌঁছেছে ফ্লেক্স, ভিনাইল, এলইডি বোর্ড এবং ডিজিটাল পর্দায়। কিন্তু এরই মধ্যে আর একটি অভিনব মাধ্যম নিঃশব্দে জায়গা করে নিয়েছে মানুষের পরিধেয় পোশাক।
পছন্দের শিল্পীর অটোগ্রাফ পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই হোক কিংবা প্রিয়জনের স্মৃতি ধরে রাখার তাগিদে পোশাকে লেখা বা স্বাক্ষর করার রীতি নতুন নয়। একসময় শিল্পী মকবুল ফিদা হুসেনের সঙ্গে হঠাৎ দেখা হওয়া এক ভক্ত কাগজ না পেয়ে নিজের সাদা জামার পিঠেই শিল্পীর অটোগ্রাফ নেওয়ার অনুরোধ করেছিলেন বলে একটি গল্প প্রচলিত রয়েছে। সেই জামাটিই পরে হয়ে ওঠে তাঁর কাছে অমূল্য স্মৃতি।
আজ স্কুল-কলেজের শেষ দিন, বিভিন্ন প্রশিক্ষণ, আবাসিক শিক্ষা কিংবা বিশেষ অনুষ্ঠানে জামা বা অ্যাপ্রনে বন্ধু-সহপাঠীদের স্বাক্ষর নেওয়ার রীতিও দেখা যায়। অর্থাৎ পোশাক শুধু পরিধানের বস্তু নয়, হয়ে উঠছে স্মৃতির ভাণ্ডার। আধুনিক প্রজন্মের কাছে টি-শার্ট অত্যন্ত স্বচ্ছন্দ পোশাক। সহজলভ্য, তুলনামূলক সস্তা এবং নানা নকশা ও লেখায় সহজেই ব্যক্তিত্ব প্রকাশ করা যায় বলেই এর জনপ্রিয়তা এত বেশি।
টি-শার্টে স্লোগান ব্যবহারের ইতিহাসে ব্রিটিশ ডিজাইনার ক্যাথারিন হ্যামনেটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৮৩ সালে তাঁর বড় অক্ষরের রাজনৈতিক স্লোগানযুক্ত টি-শার্ট আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। ১৯৮৪ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে সাক্ষাতের সময় “58% DON’T WANT PERSHING” লেখা টি-শার্ট পরে তিনি আরও আলোড়ন সৃষ্টি করেন। একই সময়ে তাঁর “CHOOSE LIFE” টি-শার্ট জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে এবং Wham!-এর ভিডিওতে ব্যবহারের পর বিশ্বজুড়ে পরিচিতি পায়।
এরপর টি-শার্ট কেবল ফ্যাশন নয়, মতপ্রকাশেরও মাধ্যম হয়ে ওঠে। যুদ্ধবিরোধী বার্তা, পরিবেশ রক্ষা, সামাজিক প্রতিবাদ, রাজনৈতিক অবস্থান—সবই জায়গা পেতে থাকে পোশাকের গায়ে। ষাট ও সত্তরের দশক থেকেই স্লোগান-টি-শার্টের বিস্তার শুরু হলেও আশির দশকে তা ব্যাপক সাংস্কৃতিক প্রভাব তৈরি করে। কবিতাপ্রিয় বাঙালির কাছে টি-শার্ট যেন আর একখণ্ড কবিতার পাতা। প্রিয় কবিতার লাইন, গানের কলি কিংবা সাহিত্যিকের উক্তি জায়গা করে নিচ্ছে পোশাকে। “কেউ কথা রাখেনি”, “অমলকান্তি” থেকে শুরু করে নানা কবিতার পঙ্ক্তি তরুণ প্রজন্মের পোশাকে উঠে আসছে। যে কথা মুখে বলা কঠিন, সেটিই কখনও বুকের ওপর লিখে ফেলছেন কেউ।
বাঙালির সাংস্কৃতিক আবেগের অন্যতম বড় অংশ রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ২৫ বৈশাখ কিংবা ২২ শ্রাবণকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের ছবি, কবিতার পঙ্ক্তি, গানের কলি এবং শিল্পকর্মের কোলাজ-সমৃদ্ধ টি-শার্টের চাহিদা দেখা যায়।
“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে”, “আকাশ ভরা সূর্য তারা” এমন নানা রবীন্দ্রসৃষ্টির অংশ পোশাকের নকশায় নতুন মাত্রা পায়। একইভাবে সত্যজিৎ রায়ও হয়ে উঠেছেন টি-শার্টের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক আইকন। তাঁর সিনেমার সংলাপ, চরিত্র, পোস্টার ও চলচ্চিত্রের নাম নিয়ে তৈরি নকশা বাঙালির নস্টালজিয়াকে ফিরিয়ে আনে।
দুর্গাপুজো ঘিরে পোশাকের ভাষাও বদলে যায়। মা দুর্গার ছবি, দেবীপক্ষ, শুভ মহালয়া, শারদ শুভেচ্ছা কিংবা পুজোর গানের কলি সবই উঠে আসে টি-শার্টে। কোথাও থাকে “আসছে বছর আবার হবে”, কোথাও প্রেমের মজার বার্তা, আবার কোথাও শারদীয় আবেগ। ছোটদের পোশাকেও পুজোকে কেন্দ্র করে তৈরি হয় নানা মজার নকশা।
টি-শার্ট কখনও হয়ে ওঠে প্রেমপত্র। আবার কখনও বিচ্ছেদের ডায়েরি। “তুমি রবে নীরবে”, “এই একলা ঘর আমার”, “এই শহরে আবার যদি দেখা হয়” এমন আবেগঘন বাক্য কিংবা গানের পঙ্ক্তি যেন বুকের ওপর লিখে নিজের অজান্তেই মনের কথা বলে দেয় কেউ। যে মানুষটি মুখে বলতে পারেন না, তাঁর পোশাক হয়তো বলে দেয় অনেক কিছু। প্রেমের আকুলতা, অভিমান, বিচ্ছেদ কিংবা নিঃসঙ্গতা সবই জায়গা পায় এই চলমান ক্যানভাসে।
টি-শার্টে এখন শুধু হাসি-ঠাট্টা নয়, সমাজের বাস্তব ছবিও ফুটে ওঠে। শিক্ষিত বেকারের হতাশা, মধ্যবিত্তের টানাপোড়েন, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সবই কখনও রসিকতার মোড়কে, কখনও সরাসরি ভাষায় প্রকাশ পাচ্ছে। “একটা চাকরি হবে কি?”, “হাল ছেড়ো না বন্ধু”, “লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে” এমন বার্তা পোশাককে নিছক ফ্যাশনের বাইরে নিয়ে যায়। ব্যক্তিগত যন্ত্রণা তখন সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে ওঠে।
নির্বাচন কিংবা রাজনৈতিক কর্মসূচির সময় টি-শার্টের ব্যবহার আরও স্পষ্ট হয়ে ওঠে। দলের প্রতীক, নেতা-নেত্রীর ছবি, স্লোগান কিংবা রাজনৈতিক বার্তা সবই পোশাকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়।
ফলে একজন সমর্থক শুধু মিছিলেই নয়, দৈনন্দিন জীবনেও নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে পারেন পোশাকের মাধ্যমে। স্লোগান-টি-শার্ট যে ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় প্রকাশের হাতিয়ার হতে পারে, তার দীর্ঘ আন্তর্জাতিক ইতিহাসও রয়েছে। বাংলার ফুটবল সংস্কৃতিও বাদ যায়নি। মোহনবাগান, ইস্টবেঙ্গল কিংবা অন্যান্য দলের সমর্থকদের পোশাকে উঠে আসে ক্লাবের নাম, রং, প্রতীক ও আবেগ।
আবার রসিক বাঙালির খাদ্যপ্রেমও টি-শার্টে হাসির খোরাক জোগায়। “মাছে-ভাতে বাঙালি”, “বিরিয়ানি ছাড়া জীবন নয়”, “চায়ের কাপ” এমন নানা মজার বার্তা হয়ে ওঠে বাঙালির খাদ্যসংস্কৃতির চলমান বিজ্ঞাপন।টি-শার্ট এখন আর শুধু পুরুষের পোশাক নয়। নারী, শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের পোশাকেই ব্যক্তিগত বার্তার উপস্থিতি দেখা যায়।
“আমি নারী, আমি পারি”, “নারী-পুরুষ কাজে সমান” এর মতো বার্তা নারীর আত্মবিশ্বাস ও সামাজিক অবস্থানকে তুলে ধরে। আবার শিশুদের পোশাকে থাকে মজার ছবি, কার্টুন কিংবা হাস্যরসাত্মক ছোট ছোট বাক্য।
নববর্ষ, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, যুব দিবস, বিজ্ঞান দিবস, যোগ দিবস, সংগীত দিবস, রক্তদান দিবস কিংবা ভালোবাসার দিন প্রতিটি উপলক্ষের জন্য তৈরি হচ্ছে বিশেষ টি-শার্ট। প্রযুক্তির উন্নতির ফলে এখন কম্পিউটার গ্রাফিক্স, ডিজিটাল প্রিন্টিং এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে নিজের পছন্দমতো পোশাক তৈরি করাও সহজ হয়েছে। ফলে ‘নিজের শার্টে নিজের ছবি’ থেকে শুরু করে ব্যক্তিগত বার্তা সবই এখন হাতের নাগালে।
মানুষের শরীরের ওপর পরা একটি টি-শার্ট কখনও কবিতা, কখনও প্রতিবাদ, কখনও প্রেমপত্র, কখনও রাজনৈতিক পোস্টার, কখনও আবার নিছক হাসির খোরাক। অর্থাৎ এটি একই সঙ্গে ব্যক্তিগত ও সামাজিক পরিচয়ের বাহক। দেওয়ালের ক্যানভাস স্থির। কাগজের ক্যানভাসও স্থির। কিন্তু পোশাকের ক্যানভাস হাঁটে, ঘোরে, মানুষের সঙ্গে মানুষের কাছে পৌঁছে যায়। তাই টি-শার্ট নিছক পোশাক নয় এ এক ‘চলমান ক্যানভাস’।
বুক ফোটে না, মুখ ফোটে না তবু বুকের ওপর লেখা কথাটি অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। মানুষের মনের কথা যখন শরীরের ওপর লেখা হয়ে পথ চলতে শুরু করে, তখন পোশাকও হয়ে ওঠে এক ধরনের ভাষা। বেঁচে থাকুক বাংলা, বেঁচে থাকুক বাঙালির সৃজনশীলতা। আর মানুষের মনের কথা বলার এই চলমান ক্যানভাসও এগিয়ে চলুক সময়ের সঙ্গে।












