খড়গপুর: বিদেশে পড়াশোনা ও গবেষণার স্বপ্ন নিয়ে জাপানে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের সফরই শেষ হয়ে গেল মর্মান্তিক পরিণতিতে। জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল আইআইটি খড়গপুরের ২৪ বছরের স্নাতকোত্তর ছাত্র শ্যাম সন্তোষ অগ্রবাল।
মহারাষ্ট্রের বাসিন্দা শ্যাম আইআইটি খড়গপুরের স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের মাস্টার অফ আর্কিটেকচার (M.Arch) প্রোগ্রামের ছাত্র ছিলেন। তিনি প্রতিষ্ঠানের লাল বাহাদুর শাস্ত্রী হল অফ রেসিডেন্সের আবাসিক ছিলেন।
জানা গিয়েছে, চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলেন শ্যাম। পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে এই ইন্টার্নশিপ তাঁর ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছিল।
কিন্তু গত ৩০ আগস্ট হঠাৎই ঘটে বিপত্তি। হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে তাঁর একাডেমিক সুপারভাইজারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেদিন একটি দুর্ঘটনার মুখে পড়েন শ্যাম। গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত হিরোশিমা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
শ্যামের মৃত্যুর খবর আইআইটি খড়গপুরে পৌঁছতেই শোকের আবহ তৈরি হয়। সহপাঠী থেকে অধ্যাপক, কর্মী তাঁকে চেনা প্রত্যেকেই এই আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। মাত্র ২৪ বছর বয়সে এক প্রতিশ্রুতিশীল তরুণের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর সহপাঠী ও শিক্ষকরা।
আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানান, এদিন সকালে হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অধ্যাপকের কাছ থেকেই প্রথম এই দুঃসংবাদ আসে। এরপর দ্রুত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শ্যামের মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য আইআইটি খড়গপুরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিদেশের মাটিতে স্বপ্নপূরণের লক্ষ্যে থাকা এক তরুণ মেধাবী ছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ আইআইটি খড়গপুর। পরিবারের কাছে এখন একটাই অপেক্ষা দূর জাপান থেকে তাঁদের প্রিয় সন্তান শেষবারের মতো ফিরবে ঘরে।













