ঝাড়গ্রাম: বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘ-বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই আবহের মধ্যেই দুপুর নাগাদ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে আচমকা দেখা গেল টর্নেডোর মতো শক্তিশালী ঘূর্ণি। চুনপাড়া, প্রতাপপুর ও তুঙ্গাধুয়া এলাকার উপর দিয়ে প্রবল বেগে ঘূর্ণিটি এগিয়ে যেতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়। তার পরই ফাঁকা এলাকার উপর দিয়ে ঘুরতে ঘুরতে দ্রুত এগিয়ে যেতে দেখা যায় ঘূর্ণিকে। মুহূর্তের মধ্যে ধুলো উড়ে চারপাশ ঝাপসা হয়ে যায়। হাওয়ার তীব্রতায় কয়েকটি পুরনো গাছ ভেঙে পড়ে বলেও স্থানীয় সূত্রে খবর।
স্বস্তির বিষয়, ঘূর্ণিটি মূলত ফাঁকা এলাকার উপর দিয়ে যাওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। এখনও পর্যন্ত কোনও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া বা হতাহতের খবর সামনে আসেনি। তবে আচমকা এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া আরও খারাপ হলে দমকা হাওয়ার দাপট বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সাঁকরাইলে দেখা দেওয়া ওই ঘূর্ণি প্রকৃতপক্ষে টর্নেডো ছিল কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবে টর্নেডোর মতো সেই ঘূর্ণির দৃশ্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে এলাকায়। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।











