প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

কয়েকদিন আগেই বন্যা, ফের নিম্নচাপের ধাক্কা! সবংয়ের নেধুয়ায় থইথই জল

Published on: September 25, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: বন্যার ধাক্কা সামলে এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি সবং। তার মধ্যেই ফের নিম্নচাপের বৃষ্টির দাপট! টানা বর্ষণে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাউলকুড়ি অঞ্চলের নেধুয়া এলাকায় নতুন করে জলবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক রাস্তা জলের তলায়, বাড়ির উঠোন পেরিয়ে কোথাও কোথাও জল ঢুকে পড়েছে ঘরেও। বাদ যায়নি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রও।

গত কয়েকদিন ধরেই নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে। কখনও ভারী, কখনও টানা বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। সকলের মুখে এখন একটাই প্রশ্ন কবে কাটবে মেঘ, কবে দেখা মিলবে রোদের?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন ছত্তীসগঢ়ের উপর অবস্থান করছে। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে। কিন্তু তার আগেই নতুন করে বিপদের মুখে সবংয়ের একাধিক এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে নেধুয়া এলাকার একাধিক রাস্তার উপর জমেছে জল। কোথাও হাঁটুসমান জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। বহু বাড়ির সামনেও জল থইথই করছে। ফলে দৈনন্দিন জীবন কার্যত বিপর্যস্ত।

সবচেয়ে চিন্তার ছবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কেন্দ্রের ভিতর পর্যন্ত জল ঢুকে পড়ায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে। ছোট শিশুদের নিয়ে সেখানে পৌঁছনোও কার্যত অসম্ভব হয়ে উঠেছে। স্কুল সংলগ্ন এলাকাতেও জল জমে দুর্ভোগ আরও বেড়েছে।

মাত্র কয়েকদিন আগেই বন্যার জলে বিপর্যস্ত হয়েছিল সবংয়ের বিভিন্ন এলাকা। সেই জল নামতে না নামতেই ফের নিম্নচাপের বৃষ্টি। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাঁদের আশঙ্কা, আরও বৃষ্টি হলে জলবন্দি এলাকার পরিধি আরও বাড়তে পারে।

একদিকে পুরনো বন্যার ক্ষত, অন্যদিকে নতুন নিম্নচাপের ধাক্কা দুয়ের মাঝে কার্যত নাজেহাল সবংয়ের মানুষ। এখন আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষাতেই নেধুয়ার জলবন্দি পরিবারগুলি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now