প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ফের কি বন্যার আশঙ্কা? কেলেঘাইয়ের জল বাড়তেই সবংয়ে উদ্বেগ

Published on: September 26, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: কয়েকদিন আগের বন্যার ক্ষত এখনও শুকোয়নি। তার মধ্যেই ফের নিম্নচাপের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে কেলেঘাই নদী। নদীর জলস্তর বাড়তেই পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের নেধুয়া, দশগ্রাম-সহ নদী সংলগ্ন একাধিক এলাকায় নতুন করে জল বাড়তে শুরু করেছে। কোথাও রাস্তা ডুবেছে, কোথাও বাড়ির উঠোনের সামনে পর্যন্ত পৌঁছে গিয়েছে জল। ফলে ফের আতঙ্ক বাড়ছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে।

গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে ক্রমশ বেড়েছে কেলেঘাইয়ের জল। তার প্রভাব পড়েছে নদীর দু’পাড়ের গ্রামগুলিতে। স্থানীয়দের দাবি, একাধিক গ্রামীণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক যাতায়াত কার্যত ব্যাহত। পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় কাজের প্রয়োজনে যাতায়াত করতেও অনেককে এখন নৌকার উপর নির্ভর করতে হচ্ছে।

এর মধ্যেই নতুন উদ্বেগ কচুরিপানা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর বিভিন্ন জায়গায় বিপুল কচুরিপানা আটকে থাকায় স্বাভাবিক জলপ্রবাহ বাধা পাচ্ছে। ফলে জমে থাকা জল দ্রুত নামছে না। তাঁদের আশঙ্কা, ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

চিন্তায় কৃষকরাও। মাঠে আমন ধান দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘ সময় জল জমে থাকলে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। কয়েকদিন আগের বন্যায় এমনিতেই ক্ষতির মুখে পড়েছিলেন বহু কৃষক, তার উপর নতুন করে নদীর জল বাড়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে কেলেঘাই নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করার ব্যবস্থা করুক প্রশাসন। পাশাপাশি নদীর জলস্তর ও বাঁধের পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানোর দাবিও উঠছে। বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই ফের কেলেঘাইয়ের চোখরাঙানি-সবংয়ের নদীপাড়ে এখন একটাই প্রশ্ন, আবার কি বড় বিপদের মুখে পড়তে চলেছে বিস্তীর্ণ এলাকা?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now