নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে ঘিরে তদন্তের আবহের মধ্যেই এবার পুলিশের নজরে তাঁর গাড়িচালক। বুধবার ভোররাত থেকেই খড়্গপুর লোকাল থানার ফুলগেড়িয়া এলাকায় অজিত মাইতির চালক প্রণব মণ্ডলের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। ভোর প্রায় চারটে নাগাদ বিশাল পুলিশবাহিনী তাঁর বাড়িতে পৌঁছয় বলে স্থানীয় সূত্রে খবর।
আর সেই তল্লাশিতেই মিলেছে একের পর এক নথি! পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে দাবি, প্রণবের বাড়ি থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, একাধিক চাকরিপ্রার্থীর বায়োডাটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিপত্র এবং একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে একজন গাড়িচালকের বাড়িতে এত সরকারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ও চাকরিপ্রার্থীদের বায়োডাটা এল কোথা থেকে? কারা এই নথির মালিক? কী উদ্দেশ্যে সেগুলি সেখানে রাখা হয়েছিল? উদ্ধার হওয়া ব্যাঙ্ক নথির সঙ্গে কোনও আর্থিক লেনদেনের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা বলে পুলিশ সূত্রে খবর।
ল্যাপটপটিও তদন্তকারীদের নজরে রয়েছে। তাতে কোনও চাকরিপ্রার্থী সংক্রান্ত তথ্য, আর্থিক লেনদেনের হিসাব কিংবা চলতি তদন্তের সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হতে পারে। তবে বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, বায়োডাটা বা ব্যাঙ্ক সংক্রান্ত নথি উদ্ধার হওয়ার অর্থেই কোনও বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে।এমনটা এখনও বলা যাচ্ছে না। নথিগুলি কার এবং কেন সেখানে ছিল, তার উত্তর মিললেই তদন্তের পরবর্তী দিক স্পষ্ট হতে পারে।
অজিত মাইতিকে ঘিরে চলা তদন্তের মধ্যেই তাঁর চালকের বাড়িতে এই ভোরের তল্লাশি নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এই নথির রহস্য কি শুধুই কাকতালীয়, নাকি তদন্তে খুলতে চলেছে আরও কোনও নতুন দরজা?











