নিজস্ব প্রতিবেদকঃ হাতে থাকা স্মার্টফোনই যে মুহূর্তের মধ্যে বিপদের কারণ হয়ে উঠতে পারে, তারই এক আতঙ্কজনক ঘটনার খবর মিলল পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজারে। নিশ্চিন্তে বসে মোবাইল ব্যবহার করছিলেন এক যুবক। আচমকাই তাঁর হাতে থাকা স্মার্টফোনে বিস্ফোরণের অভিযোগ! মুহূর্তের মধ্যে ঝলসে গেল হাতের কয়েকটি আঙুল। সপ্তাহের প্রথম দিন, সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ডেবরা বাজার এলাকায় এক যুবক হাতে Poco ব্র্যান্ডের একটি স্মার্টফোন নিয়ে বসেছিলেন। সব কিছু স্বাভাবিকই চলছিল। কিন্তু আচমকাই ঘটে বিপত্তি। অভিযোগ, কোনও পূর্বাভাস ছাড়াই তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি ফেটে যায়। বিস্ফোরণের অভিঘাতে ওই যুবকের হাতের কয়েকটি আঙুল ঝলসে যায়। যে স্মার্টফোন এখন মানুষের নিত্যদিনের সঙ্গী, সেই ফোনই কি হয়ে উঠছে বিপদের কারণ? ডেবরার এই ঘটনার পর এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের একাংশের মনে।
কিন্তু কেন ঘটল এমন বিপত্তি? স্মার্টফোনের ব্যাটারিতে কোনও ত্রুটি ছিল? অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল ফোনটি? নাকি অন্য কোনও যান্ত্রিক গোলযোগের জেরে এই বিস্ফোরণ? আপাতত এই প্রশ্নগুলির কোনও নিশ্চিত উত্তর মেলেনি।
তবে সোমবারের এই ঘটনা ঘিরে ডেবরা বাজারে চাঞ্চল্য ছড়িয়েছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত স্মার্টফোনের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, যে স্মার্টফোন সারাক্ষণ হাতে কিংবা পকেটে থাকে, সেই যন্ত্রে আচমকা এমন বিপত্তি ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?











