বেলদা: বেআইনি দেশি চোলাই মদের কারবার বন্ধ করতে ফের কড়া পদক্ষেপ আবগারি দপ্তরের। বুধবার সকাল থেকেই বেলদার তুঁতরাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বেআইনি চোলাই তৈরির সরঞ্জাম উদ্ধার ও নষ্ট করা হয়েছে।
আবগারি দপ্তর সূত্রে খবর, অভিযানে দুটি হাঁড়ি ও দুটি বড় প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। পাশাপাশি প্রায় দেড় হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করে দেওয়া হয়েছে। বেআইনি মদ তৈরির বিরুদ্ধে অভিযানের জেরে এলাকায় চোলাই কারবারিদের মধ্যে যথেষ্ট চাপ তৈরি হয়েছে।
চোলাই মদের অবৈধ কারবার শুধু আইনভঙ্গের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার প্রশ্নও। সাম্প্রতিক সময়ে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় চোলাই-বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মদ ও তৈরির উপকরণ নষ্ট করার খবর সামনে এসেছে।
আবগারি দপ্তরের দাবি, তুঁতরাঙ্গা-সহ সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। বেআইনি ভাবে চোলাই তৈরি বা মজুতের অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
তবে প্রশ্ন একটাই অভিযানে সরঞ্জাম নষ্ট হলেই কি বন্ধ হবে কারবার? নাকি গোপনে ফের মাথাচাড়া দেবে বেআইনি চোলাইয়ের চক্র? সেই দিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের। নিয়মিত নজরদারি এবং কারবারের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপই পারে এই অবৈধ ব্যবসায় লাগাম টানতে।











