নয়াদিল্লি: ইউপিআই ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। ২ হাজার টাকা পর্যন্ত UPI লেনদেনে কোনও ধরনের মাশুল নেওয়া যাবে না, সোমবার বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। একই নির্দেশ প্রযোজ্য RuPay ডেবিট কার্ডের নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রেও।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সীমার মধ্যে লেনদেন হলে টাকা পাঠানো ব্যক্তি কিংবা টাকা গ্রহণকারী কাউকেই কোনও চার্জ দিতে হবে না। ব্যাংক এবং সংশ্লিষ্ট আর্থিক পরিষেবা সংস্থাগুলিকেও এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে UPI লেনদেনে মাশুল বসতে পারে এমন জল্পনা ছড়িয়ে পড়েছিল। সংসদে Taxation and Other Laws (Amendment) Bill পাস হওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়। নির্দিষ্ট অঙ্কের ডিজিটাল লেনদেনে Merchant Discount Rate বা MDR চালুর সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল সাধারণ ব্যবহারকারীদের মধ্যে।
সেই আবহেই ২ হাজার টাকা পর্যন্ত লেনদেন চার্জমুক্ত রাখার ঘোষণা কিছুটা স্বস্তি দিল। দৈনন্দিন বাজার, দোকান, ওষুধ, খাবার কিংবা ছোটখাটো কেনাকাটায় UPI-র উপর নির্ভরশীল কোটি কোটি মানুষের জন্য এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে এখানেই রয়ে যাচ্ছে বড় প্রশ্ন। ২ হাজার টাকার বেশি UPI লেনদেনে ভবিষ্যতে কোনও মাশুল বসবে কি না, সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে ছোট অঙ্কের পেমেন্টে স্বস্তি মিললেও বড় অঙ্কের ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।
ডিজিটাল পেমেন্টে দেশের বিপুল সংখ্যক মানুষ এখন UPI-র উপর নির্ভরশীল। তাই সামান্য চার্জ চালু হলেও তার প্রভাব পড়তে পারে বিপুল সংখ্যক গ্রাহকের উপর। আপাতত ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে স্বস্তির বার্তা মিললেও নজর এখন কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তের দিকে।













