দাঁতন: নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল দাঁতন থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত তুরকা গ্রামে কয়েকদিন আগে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি। নিরাপত্তার কথা মাথায় রেখে পরে সেগুলি নিয়ে যাওয়া হয় সুবর্ণরেখা নদীর পাড়ের গরদপুর এলাকায়।
নদীর পাড়ের নির্জন এলাকায় শুরু হয় নিষ্ক্রিয়করণের প্রস্তুতি। বোম স্কোয়াড, দাঁতন থানার পুলিশ এবং দমকল বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার বলয়ে উদ্ধার হওয়া শব্দবাজিগুলি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই লোকালয় থেকে দূরে নির্জন এলাকাকে বেছে নেওয়া হয়েছিল। গোটা প্রক্রিয়ায় সতর্কতার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়।
নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার ও মজুতের বিরুদ্ধে পুলিশের এই অভিযান এলাকায় নজর কেড়েছে। উদ্ধার হওয়া শব্দবাজি নিরাপদে নিষ্ক্রিয় হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও এড়ানো সম্ভব হয়েছে।











