ইন্দ্রজিৎ সাহু, সবং: টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধিতে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। জলবন্দি বহু মানুষ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে আসার পথেই প্লাবিত এলাকাগুলির পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। এরপর সবংয়ে নেমে সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সবং ব্লকের জুলকাপুর ফুটবল মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। গোটা মাঠজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাঠ প্রাঙ্গণে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছেন উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরাও। বর্তমানে নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে রয়েছেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো-সহ অন্যান্য আধিকারিকরা।
প্রবল বৃষ্টির জেরে সবংয়ের বিভিন্ন এলাকায় নদীর জল বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। কোথাও বাড়ির উঠোনে জল, কোথাও আবার ঘরের ভিতরেও ঢুকেছে বন্যার জল। যোগাযোগ ব্যবস্থাতেও তৈরি হয়েছে সমস্যা। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।
সবংয়ে পৌঁছে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ক্ষয়ক্ষতি ও ত্রাণ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বন্যাকবলিত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে।
এদিকে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উৎসাহ। মেদিনীপুরের সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্কের পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার সবংয়ে তাঁর আগমনে শুভেচ্ছা জানাচ্ছে এলাকাবাসী।











