সবং, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ৮ নম্বর সবং গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ ঘিরে বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পঞ্চায়েত চত্বর। গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার বারিকের বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। উত্তেজনার মধ্যেই প্রধানের চেম্বারে তালা ঝুলিয়ে দিয়ে তাঁর অপসারণের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনা, পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্প-সহ একাধিক সরকারি উন্নয়নমূলক কাজে স্বচ্ছতার অভাব রয়েছে। তাঁদের দাবি, শ্মশান নির্মাণের নামে প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ বরাদ্দ হলেও বাস্তবে কাজ হয়নি। ডেইলি মার্কেট থেকে আদায় হওয়া অর্থ, স্থানীয় শিবালয় মন্দিরের তহবিল এবং বিভিন্ন পুকুর সংক্রান্ত অর্থের হিসাবও দীর্ঘদিন ধরে জনসমক্ষে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে।
সবচেয়ে বিস্ফোরক অভিযোগ উঠেছে আবাস যোজনার উপভোক্তা নির্বাচন নিয়ে। বিজেপির দাবি, রাতের অন্ধকারে গোপনে তালিকা তৈরি করে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা হচ্ছে এবং রাজনৈতিক পরিচয় দেখে নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে অভিযোগ, পঞ্চদশ অর্থ কমিশনের কাজের টেন্ডার প্রক্রিয়াতেও সরকারি নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলতে গেলেই ভয়ভীতি দেখানো হচ্ছে এবং পুলিশি ব্যবস্থার হুমকি দেওয়া হচ্ছে। তাই অবিলম্বে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত, আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ অডিট এবং অভিযোগ প্রমাণিত হলে প্রধানকে অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে এই বিষয়ে সবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার বারিক জানান, আমি এই ঘটনার বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে অভিযোগ জানিয়েছি। আমি চাই তদন্ত হোক। বিজেপির হাতে সরকার উনারাও তদন্ত করুক এটা আমি চাই।











