নিজস্ব সংবাদদাতা, সবং: টানা প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে সবং ব্লকের ৫ নম্বর সারতা-ছাতারকোল অঞ্চলের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র এবং এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের চত্বর জলের তলায় চলে যাওয়ায় তৈরি হয়েছে চরম দুর্ভোগ। পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাগাতার বৃষ্টিতে এলাকার বিভিন্ন নিচু জায়গায় জল জমতে শুরু করেছে। ধীরে ধীরে সেই জল ঢুকে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির চত্বরেও। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারপাশে জল জমে যাওয়ায় ছোট ছোট শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জলমগ্ন হয়ে পড়েছে শিশু শিক্ষা কেন্দ্র এবং এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রও।
শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সাতসাই এলাকাতেও বৃষ্টির জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়িতে। ঘরের ভিতর জল ঢুকে পড়ায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি চিন্তায় পরিবারগুলি। স্থানীয় বাসিন্দাদের দাবি, জল দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। টানা বৃষ্টি চলতে থাকায় নতুন করে আরও এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।
পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। জল জমে থাকা এলাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী প্রশাসনের তরফে পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে। প্রবল বর্ষণে সবংয়ের গ্রামাঞ্চলে ফের সামনে এসেছে জল-যন্ত্রণার ছবি। একদিকে জলবন্দি শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে বসতবাড়িতে জল সব মিলিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সারতা-ছাতারকোল এলাকার সাধারণ মানুষ।











