ইন্দ্রজিৎ সাহু: বাল্যবিবাহ রোধ, মহিলাদের নিরাপত্তা এবং সাইবার প্রতারণা সম্পর্কে ছাত্রীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল দাঁতন থানার পুলিশ। বুধবার দাঁতনের রবীন্দ্র ভবনে একাধিক স্কুলের ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় সচেতনতা কর্মসূচি। অনুষ্ঠানে পড়াশোনাকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করার পাশাপাশি বিপদের সময় নির্ভয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার বুসরা বানো, এসডিপিও আনন্দ মণ্ডল, দাঁতন ও মোহনপুর থানার আইসি, কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমরম-সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
মঞ্চ থেকে ছাত্রীদের উদ্দেশ্যে পুলিশ আধিকারিকদের বার্তা ছিল স্পষ্ট ১৮ বছরের আগে কোনওভাবেই বিয়ে নয়। বাল্যবিবাহ শুধু আইনবিরুদ্ধই নয়, তা একজন কিশোরীর শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যতের পথেও বাধা তৈরি করতে পারে। তাই পড়াশোনাকে অগ্রাধিকার দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।
পুলিশ আধিকারিকরা ছাত্রীদের বলেন, জীবনের প্রকৃত বন্ধু হিসেবে বইকে বেছে নিতে হবে। শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার প্রতারণা নিয়েও সতর্ক করা হয়। অপরিচিত ফোন, মেসেজ বা লিঙ্কে সাড়া না দেওয়া এবং ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয় তথ্য কাউকে না জানানোর পরামর্শ দেওয়া হয়।
কোনও ধরনের হয়রানি, নির্যাতন, প্রতারণা বা বিপদের সম্মুখীন হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত পরিবার, শিক্ষক-শিক্ষিকা কিংবা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। ছাত্রীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন সবসময় পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন আধিকারিকরা।
এদিনের কর্মসূচির মধ্য দিয়ে শুধু বাল্যবিবাহ নয়, নারী নিরাপত্তা, সাইবার সচেতনতা এবং শিক্ষার গুরুত্ব এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ছাত্রীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগকে ঘিরে উপস্থিত ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও উৎসাহ দেখা যায়।











