নিজস্ব সংবাদদাতা, সবং: পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা চত্বরে ঘটল এক বিরল ও রোমহর্ষক ঘটনা। দিনের আলোয় সকলের চোখের সামনে ধড়া সাপকে তাড়া করে ধরে শেষ পর্যন্ত আস্ত গিলে খেল একটি ঢ্যামনা সাপ। গোটা ঘটনাটি Sabang Bulletin-এর ডিজিটাল প্লাটফর্মে ক্যামেরাবন্দি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, প্রথমে ঢ্যামনা সাপটি দ্রুত ধড়া সাপটিকে তাড়া করতে শুরু করে। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মুহূর্তের মধ্যে ঢ্যামনা সাপটি শিকারকে কামড়ে শক্ত করে চেপে ধরে। এরপর দুই সাপের মধ্যে শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই, যা দেখে উপস্থিত মানুষজন কার্যত নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পরেই লড়াইয়ের ইতি টেনে ধড়া সাপটিকে ধীরে ধীরে সম্পূর্ণ গিলে ফেলে ঢ্যামনা সাপ। এমন বিরল দৃশ্য সচরাচর দেখা যায় না। তাও আবার থানার চত্বরে এই ঘটনা ঘটায় কৌতূহল আরও বেড়েছে। এই দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, ঢ্যামনা সাপ বিষহীন হলেও সুযোগ পেলে ছোট বা অপেক্ষাকৃত দুর্বল সাপকে শিকার করা তাদের স্বাভাবিক আচরণের মধ্যেই পড়ে। তবে জনবহুল এলাকায় এমন শিকার দৃশ্য খুবই বিরল।
চোখ কপালে! আস্ত ধড়া সাপ গিলে খেল ঢ্যামনা, সবং থানার চত্বরে ক্যামেরাবন্দি রুদ্ধশ্বাস লড়াই
Published on: July 26, 2026

---Advertisement---










