প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

গ্যাস লিকেজের জেরেই আগুন? সবংয়ের দশগ্রামে বাড়িতে অগ্নিকাণ্ড, আহত এক যুবক

Published on: September 25, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: রাতের রান্না চলছিল স্বাভাবিকভাবেই। আচমকাই গ্যাস সিলিন্ডারে আগুন! মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। প্রাণ বাঁচাতে রান্নাঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন পরিবারের সদস্যরা। একটানা প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকায় আতঙ্ক গ্রাস করে আশপাশের এলাকাতেও। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের কলাবাগান এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ আপতারুলের বাড়িতে রাতে রান্না করছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। চোখের সামনে আগুনের শিখা ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি শুরু হয় বাড়িতে। আতঙ্কে দ্রুত রান্নাঘর ছেড়ে বাইরে বেরিয়ে যান পরিবারের সদস্যরা।

এরপর স্থানীয়দের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। কিন্তু সহজে বাগে আসেনি আগুন। প্রায় এক ঘণ্টার কাছাকাছি সময় ধরে সিলিন্ডারে আগুন জ্বলতে থাকায় আশপাশের বাসিন্দাদের মধ্যেও ভয় ছড়িয়ে পড়ে। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অবশ্য এই ঘটনায় আহত হন হাসিবুল মল্লিক নামে এক যুবক। জানা গিয়েছে, তিনি ওই পরিবারের আত্মীয়। তাঁকে দ্রুত সবং এর দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

রাতের অন্ধকারে বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে আগুন এবং প্রায় ঘণ্টাখানেক ধরে তা জ্বলতে থাকার ঘটনায় কলাবাগান এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পের জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে কি না, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now