নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মাধ্যমে চলার পর কলকাতা হাইকোর্টে এবার স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের সম্ভাবনা তৈরি হল। দেশের চারটি হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ ও বদলির জন্য সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই তালিকায় রয়েছে কলকাতা হাইকোর্টও।
রবিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মুম্বই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভিঠ্বলরাও ঘুগের নাম সুপারিশ করেছে কলেজিয়াম।
বর্তমানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। চলতি বছরের ২১ জুন তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এবার কলেজিয়ামের সুপারিশ কার্যকর হলে কলকাতা হাইকোর্ট পেতে পারে নতুন স্থায়ী প্রধান বিচারপতি।
শুধু কলকাতা নয়, দেশের আরও তিন হাইকোর্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কলেজিয়াম। দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি. কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠীকে মুম্বই হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অশ্বিনী কুমার মিশ্রকে ওই হাইকোর্টেরই স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে কলেজিয়াম।
তবে কলেজিয়ামের সুপারিশই শেষ সিদ্ধান্ত নয়। এবার প্রস্তাবগুলি যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রের অনুমোদন এবং পরবর্তী সরকারি বিজ্ঞপ্তি জারির পরেই সংশ্লিষ্ট বিচারপতিদের নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
ফলে এখন নজর কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তের দিকে। সেই অনুমোদন মিললেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অধ্যায়ের অবসান ঘটিয়ে স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন রবীন্দ্র ভিঠ্বলরাও ঘুগে।














