নিজস্ব সংবাদদাতা, নারায়ণগড়: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের পারুলিয়া হাট সংলগ্ন এলাকায় রবিবার ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের উদ্যোগে ‘হিন্দু বিকাশ ও ঐক্য’ এবং ‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে’ এক ধর্মীয় ও সাংগঠনিক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি শ্রী চন্দন কোটাল-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শ্রী কার্তিক মহারাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী ব্রঙ্কিম রায়, দেবাশীষ সানকি-সহ সনাতন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূল মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কার্তিক মহারাজ সনাতন ধর্মের আদর্শ, সমাজে ঐক্যের গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং একটি উন্নত ও বিকশিত ভারত গড়ে তুলতে সকলের সম্মিলিত ভূমিকার উপর জোর দেন। তাঁর বক্তব্য উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কার্তিক মহারাজকে একঝলক দেখার জন্য অনুষ্ঠানস্থলে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁকে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বহু ভক্ত আবেগাপ্লুত হয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। ধর্মীয় আবহ, ভক্তদের উচ্ছ্বাস এবং ঐক্যের বার্তায় মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। আয়োজকদের দাবি, সমাজে সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ এবং সনাতন সংস্কৃতির প্রসারে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।











