খড়গপুর: মহাকাশ গবেষণায় আরও এক নতুন অধ্যায় যোগ করল ভারত। ISRO-এর GSLV-F17/EOS-05 মিশনের সফল উৎক্ষেপণ ও নির্ধারিত কক্ষপথে উপগ্রহ স্থাপনের মাধ্যমে দেশের মহাকাশ কর্মসূচিতে তৈরি হল নতুন মাইলফলক। এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে IIT খড়গপুর।
EOS-05 উপগ্রহকে ভূস্থির কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূস্থির কক্ষপথ থেকে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট হিসেবে EOS-05-এর এই মিশন দেশের মহাকাশ প্রযুক্তির সক্ষমতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।
এই সাফল্যের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে IIT খড়গপুরের নামও। ISRO-এর চেয়ারম্যান এবং Department of Space-এর সচিব ড. ভি. নারায়ণন IIT খড়গপুরের বিশিষ্ট প্রাক্তনী। তাঁর নেতৃত্বে এই সাফল্য অর্জিত হওয়ায় স্বাভাবিকভাবেই গর্বিত খড়গপুরের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
IIT খড়গপুরের পক্ষ থেকে ISRO-এর বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং গোটা প্রযুক্তিগত দলের প্রতি জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন। প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, এই সাফল্য ভারতের বৈজ্ঞানিক আত্মবিশ্বাস, দেশীয় প্রযুক্তির সক্ষমতা এবং মহাকাশের অজানা সীমা জয় করার দৃঢ় সংকল্পের প্রতিফলন।
একদিকে নতুন প্রযুক্তির প্রয়োগ, অন্যদিকে ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম। দুইয়ের সমন্বয়ে মহাকাশ গবেষণায় ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ভারত। EOS-05-এর এই সাফল্য আগামী দিনে আরও বড় ও উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ অভিযানের পথ খুলে দেবে বলেই আশা করা হচ্ছে। ভারতের মহাকাশযাত্রায় আরও এক সাফল্যের পালক আর সেই সাফল্যে IIT খড়গপুরের প্রাক্তনীর নেতৃত্বে গর্বিত গোটা খড়গপুর।













