প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

হেলমেট নয় তো রাস্তায় নয়! সবংয়ে ট্রাফিক পুলিশের কড়া বার্তা, ভুল স্বীকার করে লিখিত অঙ্গীকার বাইক আরোহীদের

Published on: August 7, 2026
---Advertisement---

ইন্দ্রজিৎ সাহু, সবং: সড়কে বেপরোয়া মানসিকতার বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ‘বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শুক্রবার সবং ব্লকের তেমাথানি বাজারে অভিযান চালিয়ে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার বার্তা ছড়িয়ে দিল সবং ও পিংলা ট্রাফিক বিভাগ। শুধু সচেতনতার প্রচার নয়, আইন অমান্যকারীদের সামনে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল। হেলমেট ও সিটবেল্টে কোনও আপস নয়।

এদিন বাজার এলাকায় পথচারী, মোটরবাইক ও চার চাকার গাড়ির চালকদের থামিয়ে ট্রাফিক কর্মীরা নিরাপদ যাতায়াতের গুরুত্ব বোঝান। বিশেষ করে হেলমেট ছাড়া বাইক চালানো এবং সিটবেল্ট না পরে গাড়ি চালানোর ভয়াবহ পরিণতির কথা তুলে ধরা হয়। পুলিশ জানিয়ে দেয়, সামান্য অসাবধানতাই মুহূর্তে কেড়ে নিতে পারে একটি মূল্যবান প্রাণ। অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল, হেলমেট ছাড়া ধরা পড়া কয়েকজন মোটরবাইক আরোহী প্রকাশ্যেই নিজেদের ভুল স্বীকার করেন।

শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, তাঁরা কাগজে লিখে অঙ্গীকার করেন “আমার ভুল হয়েছে। এরপর থেকে আমি হেলমেট পরে রাস্তায় বের হব।” এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ চলাকালীন জেলার বিভিন্ন এলাকায় হেলমেটবিহীন বাইক চালানো, সিটবেল্ট ব্যবহার না করা, মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় ড্রাইভিং, ট্রিপল রাইডিং এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কড়া নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের বক্তব্য, জরিমানা আদায়ই উদ্দেশ্য নয়, মানুষের প্রাণ বাঁচানোই মূল লক্ষ্য। তাই স্কুল-কলেজ, বাজার, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি চলছে বিশেষ ট্রাফিক অভিযান। সবং ও পিংলা ট্রাফিক বিভাগের একটাই বার্তা “গতি নয়, নিরাপত্তা। নিয়ম মেনে চলুন, নিরাপদে বাড়ি ফিরুন।” কারণ একটি হেলমেট, একটি সিটবেল্ট কিংবা কয়েক সেকেন্ডের সতর্কতাই বাঁচিয়ে দিতে পারে একটি পরিবারকে আজীবনের কান্না থেকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now