নিজস্ব সংবাদদাতা, সবং: প্রাইভেট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক যুবক। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চল এলাকায়। আহত যুবকের নাম সুশান্ত প্রামাণিক। বাড়ি ৭ নং অঞ্চলের নারায়ণবাড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে একটি প্রাইভেট গাড়ি শিউলিপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা বাইকটির সঙ্গে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান সুশান্ত রক্তাত্ব অবস্থায় গুরুতর আহত হন।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে এবং পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।
হঠাৎ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুর এলাকায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সবং থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করার পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।











