নিজস্ব সংবাদদাতা, সবং: পথ নিরাপত্তার সচেতনতার পাশাপাশি এবার গাড়িচালক ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাতেও বিশেষ নজর দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ‘বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ–২০২৬’-এর অঙ্গ হিসেবে সবং ও পিংলা থানা এবং সবং ও পিংলা ট্রাফিক গার্ডের উদ্যোগে তেমাথানিতে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির।
রবিবার, ৯ আগস্ট তেমাথানি বিশ্রামাগারে সকাল ১০টা থেকে শুরু হয় এই স্বাস্থ্য শিবির। মূলত গাড়িচালক ও সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়। শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১০০ জন এই পরিষেবার সুযোগ নিতে পারবেন। পথ নিরাপত্তার বার্তা আরও জোরদার করতে শিবিরে বাইক চালকদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট। পাশাপাশি গাড়িচালকদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কারও প্রদান করা হয়।
দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ক্ষেত্রে চালকের চোখের দৃষ্টিশক্তি ও শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কর্মব্যস্ততার কারণে অনেক চালকই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পান না। চালকের শারীরিক অসুস্থতা বা দৃষ্টিশক্তির সমস্যাও কখনও কখনও পথ দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পালিত হচ্ছে ‘বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ–২০২৬’। সপ্তাহজুড়ে জেলার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং পথ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
তেমাথানির এই স্বাস্থ্য শিবিরে তাই স্পষ্ট হয়ে উঠল পথ নিরাপত্তা শুধু ট্রাফিক আইন মানার মধ্যে সীমাবদ্ধ নয়, চালকের সুস্বাস্থ্যও নিরাপদ সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক অমর পন্ডা, ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি, পিংলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বাগতা মান্না-সহ পুলিশ আধিকারিকরা। ‘নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে ফিরুন’ এই বার্তাকে সামনে রেখেই তেমাথানিতে পথ নিরাপত্তা ও জনস্বাস্থ্যকে একইসঙ্গে গুরুত্ব দিল জেলা পুলিশ।











