বেলদা: আকাশজুড়ে কালো মেঘ। তার সঙ্গে পাল্লা দিয়ে ঝরছে প্রবল বৃষ্টি। তবুও প্রিয় নেতাকে একবার কাছ থেকে দেখার আশায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন একদল কর্মী-সমর্থক। হাতে ফুলের তোড়া, সঙ্গে ভালোবাসা ও আবেগের উপহার। দীর্ঘ অপেক্ষার পর যখন দেখা মিলল নেতার গাড়ির, তখন বৃষ্টির মধ্যেও উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল দীঘা বাইপাস বেলদা জাতীয় সড়ক।
খড়গপুরে প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দীঘা বাইপাস বেলদা জাতীয় সড়ক এলাকায় সেই দৃশ্যই নজর কাড়ল। কর্মীদের আবদার ও আবেগকে সম্মান জানিয়ে প্রবল বৃষ্টির মধ্যেই গাড়ি থামালেন শুভেন্দু অধিকারী।
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের কাছ থেকে সাদরে গ্রহণ করেন ফুলের তোড়া এবং গীতা উপহার। মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন।
ব্যস্ত কর্মসূচির মাঝেও কর্মীদের ভালোবাসাকে এড়িয়ে না গিয়ে তাঁদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান শুভেন্দু অধিকারী। বৃষ্টিতে ভিজতে ভিজতেই কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর এই সংক্ষিপ্ত সাক্ষাৎ যেন তৈরি করে দেয় এক মানবিক মুহূর্ত।
কেউ এসেছিলেন শুধু এক ঝলক দেখবেন বলে, কেউ বা হাতে নিয়ে এসেছিলেন ভালোবাসার উপহার। আর সেই আবেগের মূল্য দিয়েই গাড়ি থামিয়ে তাঁদের সঙ্গে কয়েক মুহূর্ত কাটালেন তিনি। এরপর ফের গন্তব্যের পথে রওনা দেন শুভেন্দু অধিকারী। প্রবল বৃষ্টির রাস্তার ধারে তাই শুধু রাজনৈতিক কর্মসূচির ছবি নয়, ফুটে উঠল নেতা ও কর্মীদের আবেগের এক আন্তরিক মুহূর্তও।














