নয়াদিল্লি: আদালতের খবর প্রকাশে সংবাদমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছে এমন ধারণায় এবার স্পষ্ট ইতি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, এজলাসে কী ঘটল, কী নির্দেশ দিল আদালত বা কী রায় হল তার বিস্তারিত সংবাদ প্রকাশে কোনও বাধা নেই। তবে আদালতের অনুমতি ছাড়া কোর্টরুমের কোনও অডিও বা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।
বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানায়, আগের অন্তর্বর্তী নির্দেশের ভুল ব্যাখ্যা করে অযথা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। স্বীকৃত সংবাদমাধ্যমের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। সংবাদমাধ্যম আগের মতোই আদালতের শুনানি, নির্দেশ ও রায়ের তথ্য পরিবেশন করতে পারবে। কিন্তু কোর্টরুমে ধারণ করা অডিও-ভিডিও প্রকাশের ক্ষেত্রে আদালতের অনুমতি বাধ্যতামূলক।
গত ২৪ জুলাইও সুপ্রিম কোর্ট কড়া ভাষায় বলেছিল, আদালত কোনও ‘২৪ ঘণ্টার বিনোদন চ্যানেল’ নয়। বিচারপ্রক্রিয়ার ভিডিও বা অডিও রেকর্ড করে তা সামাজিক মাধ্যমে ভাইরাল করা আদালতের মর্যাদার পরিপন্থী। তাই আদালতের অনুমতি ছাড়া এমন কোনও ক্লিপ প্রকাশ করা যাবে না। এদিকে আদালতের কার্যক্রমের লাইভ স্ট্রিমিং নিয়েও আরও কড়া অবস্থান নিয়েছে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের অনুমতি ছাড়া বিচারপ্রক্রিয়ার অডিও-ভিডিও কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।
একই সঙ্গে, আদালত কক্ষের সরাসরি সম্প্রচারের অপব্যবহার রুখতে কেন্দ্রকে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে। দেশের সব হাই কোর্টকে লাইভ স্ট্রিমিং ও রেকর্ডিং সংক্রান্ত বর্তমান ব্যবস্থার স্টেটাস রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৮ সেপ্টেম্বর। স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের সংবাদ পরিবেশনে বাধা নয়, কিন্তু আদালতের মর্যাদা ও বিচারপ্রক্রিয়ার শৃঙ্খলা রক্ষায় কোনও আপসও নয়।














