নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: চারদিকে জল। স্কুল চত্বরও কার্যত প্লাবিত। তার মধ্যেই পরীক্ষা দিতে আসছে শত শত ছাত্রছাত্রী। জল ডিঙিয়ে যাতে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না হয়, তাই স্কুলের বেঞ্চ পেতে তৈরি হল অস্থায়ী রাস্তা! প্লাবিত ঘাটালের এমনই এক ছবি সামনে এল পশ্চিম মেদিনীপুরের রথীপুর বরদাবানিপিঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, ওই বিদ্যালয়ে মোট নয়টি স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে। প্রতিদিন ৯০০-রও বেশি ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিতে আসছে। কিন্তু লাগাতার জল জমে স্কুল চত্বরের একাংশ জলমগ্ন হয়ে পড়ায় পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে তৈরি হয় সমস্যা।
এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের বেঞ্চ একের পর এক সাজিয়ে জলমগ্ন অংশের উপর তৈরি করা হয় অস্থায়ী হাঁটার পথ। সেই বেঞ্চের উপর দিয়েই পরীক্ষার্থীরা স্কুল ভবনে প্রবেশ করছে।
একদিকে পরীক্ষা, অন্যদিকে প্লাবনের দুর্ভোগ দুইয়ের মাঝখানে কার্যত বেঞ্চই এখন পরীক্ষার্থীদের ভরসা। পরীক্ষার সময়ে ছাত্রছাত্রীদের যাতে জল পেরিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে ঢুকতে না হয়, সে কারণেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে।
ঘাটালে জলমগ্ন পরিস্থিতি নতুন নয়। বর্ষা এলেই বহু এলাকা জলবন্দি হয়ে পড়ে। কিন্তু পরীক্ষার সময় সেই জল যদি স্কুল চত্বর পর্যন্ত পৌঁছে যায়, তখন সমস্যার মাত্রা যে কতটা বাড়তে পারে, রথীপুর বরদাবানিপিঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই ছবিই যেন তার বাস্তব উদাহরণ। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরীক্ষা যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেই লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের এই অস্থায়ী ব্যবস্থাই এখন ছাত্রছাত্রীদের যাতায়াতের ভরসা হয়ে উঠেছে।











