নিজস্ব সংবাদদাতা: বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বহু বাসিন্দার মোবাইল ফোনে আচমকাই ভেসে উঠল ‘Extremely Severe Alert’ শীর্ষক একটি জরুরি সতর্কবার্তা। আর সেই বার্তা দেখেই অনেকের মনে একটাই প্রশ্ন,তাহলে কি আগামী কয়েক ঘণ্টায় আছড়ে পড়তে চলেছে প্রবল বজ্রঝড় ও ভারী বৃষ্টি?
সতর্কবার্তায় জানানো হয়েছে, ৫ আগস্ট ২০২৬, বিকেল ৩টা ৩৫ মিনিট থেকে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মোবাইলে এই সতর্কবার্তা পৌঁছানোর পর থেকেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগও ছড়িয়েছে। অনেকে জানতে চাইছেন, এই সতর্কবার্তা কতটা গুরুতর? আবার অনেকেই সামাজিক মাধ্যমে বার্তাটি শেয়ার করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়, উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি না থাকার আবেদন জানানো হয়েছে। প্রয়োজনে নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
বর্ষাকালে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার ঘটনা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, মোবাইলে পাওয়া এই ধরনের সরকারি সতর্কবার্তাকে কখনওই অবহেলা করা উচিত নয়। পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসন ও আবহাওয়া দফতরের পরবর্তী নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রশ্ন একটাই, সতর্কবার্তার পর প্রকৃতি ঠিক কতটা রুদ্ররূপ ধারণ করে, এখন সেদিকেই নজর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মানুষের।












