ইন্দ্রজিৎ সাহুঃ রাস্তায় বেরিয়েছেন, কিন্তু মাথায় নেই হেলমেট? কিংবা গাড়িতে উঠেছেন, অথচ সিটবেল্ট বাঁধেননি? সাবধান! এবার আপনাকে থামাতে রাস্তায় হাজির স্বয়ং যমরাজ, সঙ্গে আবার হিসেবের খাতা হাতে চিত্রগুপ্ত। তবে প্রাণ নিতে নয়, প্রাণ বাঁচানোর বার্তা দিতেই পুলিশের এই অভিনব উদ্যোগ।
রাজ্য সরকার, পরিবহণ দফতর ও ট্রাফিক পুলিশের উদ্যোগে ৩ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত পালিত হচ্ছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বাড়াতে সপ্তাহজুড়ে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ও পিংলা ট্রাফিক বিভাগের উদ্যোগে দেখা গেল ব্যতিক্রমী সচেতনতা প্রচার।
শনিবার সবং ব্লকের তেমাথানি বাজার এলাকায় হঠাৎ করেই নাটকীয় ভঙ্গিতে হাজির হন যমরাজ ও চিত্রগুপ্ত। হাতে গদা নিয়ে যমরাজের ‘হা হা হা’ হাসি, আর পাশে নোটবুক হাতে চিত্রগুপ্ত এই দৃশ্য দেখে প্রথমে রীতিমতো চমকে যান পথচারীরা। পরে বিষয়টি বুঝতে পেরে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন অনেকেই।
হেলমেট ছাড়া বাইক চালাতে দেখলেই সেই বাইক আরোহীর দিকে ছুটে যাচ্ছেন যমরাজ। সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছেন, “হেলমেট পরে আসোনি কেন? জানো আমি যমরাজ? যে কোনও মুহূর্তে তোমার বাড়িতে পৌঁছে যেতে পারি!” এরপরই শুরু হচ্ছে ‘হিসেব-নিকেশ’। যমরাজের নির্দেশে চিত্রগুপ্ত খাতা খুলে জানতে চাইছেন গাড়ির কাগজপত্র ও প্রয়োজনীয় নথি সম্পর্কে।
কোথাও নথিপত্রের ঘাটতি ধরা পড়লে চিত্রগুপ্তের কণ্ঠে বিস্ময়“যমরাজ, এ তো অবাক কাণ্ড! গাড়ির লাইসেন্স নেই, প্রয়োজনীয় নথিপত্রও নেই, হেলমেট নেই!” নাটকীয় এই পরিবেশের মধ্যেই বাইক ও চারচাকার চালকদের দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা। বাইক আরোহীদের হেলমেট পরার অঙ্গীকার করানো হচ্ছে। একইসঙ্গে চারচাকার চালকদের সিটবেল্ট ব্যবহার এবং সমস্ত ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতন করা হচ্ছে। ট্রাফিক পুলিশের এই অভিনব উদ্যোগ দেখতে তেমাথানি বাজার এলাকায় ভিড় জমে যায়।
অনেকেই মোবাইল ফোনে গোটা সচেতনতা কর্মসূচির ভিডিও ও ছবি তুলে রাখেন। কারও মুখে হাসি, কেউ আবার হাততালি দিয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। সাধারণ মানুষের একাংশের মতে, শুধুমাত্র আইন প্রয়োগ বা জরিমানার মাধ্যমে নয়, এমন অভিনব ও নাটকীয় পদ্ধতিতে সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিলে তার প্রভাব আরও বেশি হতে পারে। পথ নিরাপত্তা সপ্তাহে সবং ও পিংলা পুলিশের এই উদ্যোগ যেন হাসির আড়ালে একটি কঠিন বার্তাই দিয়ে গেল হেলমেট ও সিটবেল্ট এড়িয়ে চলা মানেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। তাই রাস্তায় বেরোনোর আগে নিয়ম মানুন, সতর্ক থাকুন এবং নিরাপদে বাড়ি ফিরুন।











