নিজস্ব সংবাদদাতা, সবং: পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৫ নম্বর সারতা গ্রাম পঞ্চায়েতের ক্রোড়দা এলাকায় ফুটজাল নিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম মানস সামন্ত (৩১)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ির পিছনের জমিতে ফুটজাল দিয়ে মাছ ধরতে যান মানস সামন্ত। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর জমির মধ্যেই তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহের প্রাথমিক তদন্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, অসুস্থতাজনিত মৃত্যু নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তদন্তকারী আধিকারিকদের অনুমান। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের পাশাপাশি রহস্যও দানা বেঁধেছে।











