ইন্দ্রজিৎ সাহু: ডুমুরজলা স্টেডিয়ামের হকি মাঠে তখন টানটান উত্তেজনা। মুখোমুখি দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিণডাঙ্গা হাইস্কুল এবং পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম সতীশচন্দ্র সর্বাথসাধক হাইস্কুল। প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা, লড়াই আর জয়ের তীব্র আকাঙ্ক্ষা। শেষ বাঁশি বাজার পর সেই লড়াইয়ের সাফল্যের হাসি ফুটল সবংয়ের দশগ্রামের কিশোরদের মুখে।
ভারত সরকারের আয়োজিত জওহরলাল নেহরু হকি প্রতিযোগিতায় হরিণডাঙ্গা হাইস্কুলের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল দশগ্রাম সতীশচন্দ্র সর্বাত্মসাধক হাইস্কুলের ছাত্ররা। শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামে দশগ্রামের দল। প্রতিপক্ষের আক্রমণ সামলে নিজেদের ছন্দে খেলা ধরে রাখে তারা। সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠে আসে খেলোয়াড়রা। শেষ পর্যন্ত সেই লড়াইয়ের ফলাফলও আসে দশগ্রামের পক্ষে।
জয় নিশ্চিত হতেই মুহূর্তের মধ্যে বদলে যায় ডুমুরজলা স্টেডিয়ামের পরিবেশ। মাঠেই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন খেলোয়াড়রা। কেউ মেতে ওঠেন উচ্ছ্বাসে, কেউ আবার সতীর্থদের সঙ্গে ভাগ করে নেন জয়ের আনন্দ। ছাত্রদের সেই উচ্ছ্বাসে সামিল হন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। দীর্ঘ অনুশীলন ও পরিশ্রমের পর কাঙ্ক্ষিত জয় যেন তাঁদের কাছে এক আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে।
এই সাফল্যের পিছনে রয়েছে ছাত্রদের নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং শিক্ষকদের নিরন্তর উৎসাহ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। সেই প্রচেষ্টারই যেন প্রতিফলন দেখা গেল ডুমুরজলার মাঠে।
সবংয়ের প্রত্যন্ত এলাকার একটি স্কুল থেকে উঠে এসে বড় মঞ্চে হকি প্রতিযোগিতায় জয় নিঃসন্দেহে গর্বের বিষয়। অল্প বয়সী এই কিশোর খেলোয়াড়রা মাঠে বুঝিয়ে দিল, সুযোগ ও সঠিক দিশা পেলে গ্রামের ছেলেরাও বড় মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।
ছাত্রদের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দশগ্রাম সতীশচন্দ্র সর্বাত্মসাধক হাইস্কুলে। স্কুলের প্রধান শিক্ষক যুগল প্রধান বলেন, “আমি গর্বিত। খুবই গর্বিত। ভালো লাগছে।” প্রধান শিক্ষকের এই কথাতেই স্পষ্ট ছাত্রদের সাফল্য ঘিরে স্কুলের গর্ব ও আনন্দ।
ডুমুরজলার হকি মাঠে এদিন তাই শুধু একটি ম্যাচ জেতেনি দশগ্রামের কিশোররা। জয় হয়েছে তাঁদের পরিশ্রমের, আত্মবিশ্বাসের এবং স্বপ্নের। প্রত্যন্ত সবং থেকে উঠে আসা এই তরুণ খেলোয়াড়দের হাত ধরে আগামী দিনে আরও বড় সাফল্যের প্রত্যাশায় তাকিয়ে রয়েছে গোটা এলাকা।












