প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

১৭ দলের লড়াই, শেষ হাসি তেমাথানীর! ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সেবা ক্লাব

Published on: October 7, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ দিকে গোল হজম। নির্ধারিত সময়ে মেলেনি ফয়সালা। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারের স্নায়ুর লড়াইয়ে বাজিমাত করল সবংয়ের তেমাথানীর সেবা ক্লাব। ইন্দা নিশান ক্লাবকে হারিয়ে খড়্গপুর মহকুমা লিগ ২০২৬-এর চ্যাম্পিয়ন হল তারা।

মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৭টি দল এ বারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রায় ৩৫ দিন ধরে চলা সেই ফুটবল লড়াইয়ের ফাইনাল ঘিরে শুরু থেকেই ছিল বাড়তি উত্তেজনা। ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় সেবা। কিন্তু হাল ছাড়েনি ইন্দা নিশান। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ দিকে গোল শোধ করে তারা ম্যাচে সমতা ফেরায়।

নির্ধারিত সময়ের শেষে স্কোরলাইন সমান থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানেই চাপ সামলে জয় ছিনিয়ে নেয় সেবা। শেষ শটের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ফুটবলার থেকে সমর্থকেরা। দীর্ঘ ৩৫ দিনের প্রতিযোগিতার শেষে মহকুমা সেরার ট্রফি যায় সবংয়ে।

ফাইনাল ম্যাচের সূচনা হয় দিলীপ ঘোষের কিক-অফের মাধ্যমে। মাঠে উপস্থিত ছিলেন সবংয়ের বিধায়ক অমল পণ্ডা, রেশমী গ্রুপের ডিরেক্টর, খড়্গপুরের মহকুমাশাসক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি।

প্রতিযোগিতার সম্পাদক মনোজ দে বিজয়ী দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সমস্ত দল, অতিথি এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান। আগামী দিনেও এলাকার খেলাধুলার পাশে থাকার আশ্বাস দিয়েছে রেশমী গ্রুপ।

উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচের ব্যবস্থাপনার দায়িত্ব সামলায় সেবা ইভেন্ট ম্যানেজমেন্ট টিম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক অরিজিৎ দাস অধিকারী।

১৭ দলের দীর্ঘ লড়াই, ফাইনালে নাটকীয় সমতা, তার পর ট্রাইব্রেকার সব মিলিয়ে জমজমাট সমাপ্তি খড়্গপুর মহকুমা লিগের। আর শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট উঠল সবংয়ের তেমাথানীর সেবা ক্লাবের মাথায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now