প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ক্যারাটেতে সেরার সেরা সবং! জাতীয় প্রতিযোগিতায় ৪ চ্যাম্পিয়ন, উজ্জ্বল ৭ পড়ুয়া

Published on: August 26, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: প্রত্যন্ত সবং থেকে জাতীয় মঞ্চে উঠে এল একের পর এক সাফল্যের ঝলক। খড়্গপুরে অনুষ্ঠিত ‘অল ইন্ডিয়া ওপেন ফুল কন্টাক্ট ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়ল সবংয়ের পড়ুয়ারা।

সবংয়ের সূর্য মার্শাল আর্ট একাডেমি থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে একাধিক বিভাগে সাফল্য এসেছে। চারজন প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও নগদ পুরস্কার জিতে নিয়েছে। এই সাফল্যে খুশি প্রশিক্ষক তথা একাধিকবার জাতীয় চ্যাম্পিয়ন ব্ল্যাক বেল্ট সূর্যকান্ত পাল।

চ্যাম্পিয়ন হয়েছে সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী বন্যা জানা, হরিরহাট অনাথ স্মৃতি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ভূমিকা পাত্র, তেমাথানি নমসারাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র অনুভব বর এবং মিয়াচক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী পূর্বা ঘোড়াই। বন্যা ১৬ বছরের ঊর্ধ্ব ওপেন লাইটওয়েট বিভাগে এবং ভূমিকা ১৪–১৬ বছর বয়সী বিভাগের ফাইটে চ্যাম্পিয়ন হয়েছে। অনুভব কাতা এবং পূর্বা স্ট্রেচিং বিভাগে সেরার শিরোপা পেয়েছে।

অন্যদিকে লুটুনীয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ঈশান সরেন দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিভিন্ন বিভাগে সম্প্রীতি সামন্ত-সহ আরও বেশ কয়েকজন পড়ুয়াও কৃতিত্ব দেখিয়েছে। চ্যাম্পিয়নদের হাতে ট্রফির পাশাপাশি তুলে দেওয়া হয়েছে ১,০০০ টাকা করে নগদ পুরস্কার। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয়। ফলে জাতীয় স্তরের এমন মঞ্চে সবংয়ের পড়ুয়াদের সাফল্য স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পেয়েছে।

প্রশিক্ষক সূর্যকান্ত পাল বলেন, প্রায় আড়াই বছরের প্রশিক্ষণেই একাধিক সাফল্য এসেছে। তাঁর কথায়, প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েদের মধ্যেও আত্মরক্ষা এবং শরীরচর্চার জন্য ক্যারাটে শেখার আগ্রহ বাড়ছে।

অভিভাবকরাও মনে করছেন, শুধু প্রতিযোগিতায় সাফল্য নয়, আত্মরক্ষা, শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও ক্যারাটের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন পূর্বার বাবা চিন্ময় ঘোড়াই জানান, নানা প্রতিকূলতার মধ্যেও মেয়ের আগ্রহকে গুরুত্ব দিয়ে নিয়মিত প্রশিক্ষণে নিয়ে আসেন তিনি।

এলাকার শিক্ষক অরিজিৎ দাস অধিকারীর কথায়, মোবাইলের নেশা থেকে কচিকাঁচা ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে আত্মরক্ষার পাঠ হিসেবেও ক্যারাটের গুরুত্ব অনেক।

সবংয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এলাকাবাসী। জাতীয় মঞ্চে ট্রফি হাতে সবংয়ের পড়ুয়াদের এই ছবি যেন বার্তা দিচ্ছে প্রতিভার জন্য বড় শহর নয়, দরকার শুধু সুযোগ, অনুশীলন আর অদম্য জেদ। আগামী দিনে এই মাটি থেকেই আরও বহু ক্যারাটে প্রতিভা উঠে আসবে, এমনটাই প্রত্যাশা প্রশিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now