নিজস্ব সংবাদদাতা, সবং: পারিবারিক অশান্তির জেরে চরম পরিণতি। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১১ নম্বর মোহাড় অঞ্চলে এক প্রৌঢ়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সন্ধ্যারানি জানা (৫৮)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে অশান্তিতে জড়িয়ে পড়েন সন্ধ্যাদেবী। অভিযোগ, সেই ঘটনার পর রাগ ও অভিমানের বশে বাড়িতে থাকা চুল রং করার কাজে ব্যবহৃত একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ খেয়ে ফেলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
ঘটনা বুঝতে পেরে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় সন্ধ্যাদেবীর।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মোহাড় এলাকায় নেমে আসে শোকের ছায়া। একটি পারিবারিক অশান্তি কীভাবে এমন মর্মান্তিক পরিণতির দিকে গড়াল, তা নিয়েই এখন এলাকাজুড়ে আলোচনা। ঘটনার নেপথ্যে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
পরিবারের সদস্যদের কাছ থেকেও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ মৃতার আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা।













