প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

BREAKING: নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম, কড়া নজর প্রশাসনের! সবংয়ের তেমাথানি বাজারে অভিযান

Published on: August 27, 2026
---Advertisement---

ইন্দ্রজিৎ সাহু, সবং: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ। চিনি, তেল, আটা, আলু, পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন সবজির বাজারদর নিয়ে ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও জোরদার হয়েছে।

বৃহস্পতিবার সকালেই পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তেমাথানি বাজারে আচমকা অভিযান চালায় প্রশাসনের টাস্ক ফোর্স। একাধিক সবজি ও ভুষিমালের দোকানে গিয়ে পণ্যের দাম, মজুতের পরিমাণ এবং বিক্রির পদ্ধতি খতিয়ে দেখেন আধিকারিকরা।

অভিযানে উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা শাসক জ্যোতি ঘোষ, ডেবরা এসডিপিও দেবাশীষ রায়, ডেবরা সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস এবং সবং থানার ওসি সৌমিতেন্দু বেরা-সহ অন্যান্য আধিকারিকরা। খাদ্য সুরক্ষা, কৃষি বিপণন ও স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরাও অভিযানে সামিল ছিলেন।

দোকানে দোকানে ঘুরে চিনি, চাল, ভোজ্যতেল, আটা-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাচাই করা হয়। কোনও ব্যবসায়ী বেআইনিভাবে পণ্য মজুত করে রেখেছেন কি না, তাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি মিষ্টি, ভোজ্যতেল ও অন্যান্য খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানানো হয়, নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত দামে সামগ্রী বিক্রি বা বেআইনি মজুতের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে কি না, সেদিকেও নজর রাখছে প্রশাসন।

হঠাৎ প্রশাসনিক অভিযান ঘিরে তেমাথানি বাজারে কিছুটা চাঞ্চল্য দেখা যায়। তবে সাধারণ ক্রেতাদের আশা, এ ধরনের নিয়মিত নজরদারি চালানো হলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আসবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now