নিজস্ব সংবাদদাতা: রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই বিরোধের জেরে কারও ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন হওয়া উচিত নয়। বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে এ বার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে খড়্গপুরে চা-চক্রে যোগ দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পুলিশের প্রয়োজনীয় পদক্ষেপের উপর গুরুত্ব দিলেন তিনি।
বৃহস্পতিবার ভোরে কলকাতার পূর্ব যাদবপুর এলাকায় বিকাশরঞ্জনের বাড়ি লক্ষ্য করে কাচের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। ভেঙে যায় বাড়ির জানলার কাচ। মুখ ঢাকা এক ব্যক্তির হামলার ছবি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে বলে খবর। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন।
এই ঘটনা প্রসঙ্গে দিলীপের বক্তব্য, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কারণে কারও সঙ্গে মতবিরোধ থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু সেই মতবিরোধকে কেন্দ্র করে কোনও ব্যক্তির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা কোনওভাবেই কাম্য নয়। বিকাশরঞ্জন একজন প্রতিষ্ঠিত আইনজীবী এবং জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি। ফলে তাঁর নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলেই মনে করেন দিলীপ।












