SABANG BULLET: বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এবং bdnews24.com-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী প্রয়াত। বয়স হয়েছিল ৫৯ বছর। ব্যক্তিগত সফরে লন্ডনে থাকাকালীন মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে সেন্ট বার্থোলোমিউ’স হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ২৩ মিনিটে তাঁর মৃত্যু হয়।
আগামী ২৩ অক্টোবর bdnews24.com-এর ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছিল। সেই পরিকল্পনায় নিজেই সক্রিয় ছিলেন খালিদী। কিন্তু প্রতিষ্ঠানের দুই দশক পূর্তির মাত্র তিন সপ্তাহ আগে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের সংবাদমহলে।
১৯৬৭ সালের ১৪ জুন জন্ম খালিদীর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার পর ১৯৮৯ সালে সাংবাদিকতায় পা রাখেন। ‘দ্য ডেইলি স্টার’, ‘দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস’ এবং পরে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে তাঁর নেতৃত্বেই BDNEWS নতুন রূপে bdnews24.com হিসেবে আত্মপ্রকাশ করে এবং ২৪ ঘণ্টার অনলাইন সংবাদ পরিষেবা শুরু করে। বাংলাদেশের ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হয়।
আন্তর্জাতিক ক্ষেত্রেও তাঁর কাজ স্বীকৃতি পেয়েছিল। UNESCO-র World Press Freedom Day কর্মসূচি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি।
খালিদীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রয়াণকে দেশের সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করা হয়েছে। প্রায় চার দশকের সাংবাদিকতায় ছাপা সংবাদপত্র থেকে ডিজিটাল নিউজরুম সংবাদজগতের পরিবর্তনের বহু অধ্যায়ের সাক্ষী ছিলেন তৌফিক ইমরোজ খালিদী।














