নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব পালনে গাফিলতি, শৃঙ্খলাভঙ্গ কিংবা তোলাবাজির অভিযোগ এবার আর হালকা ভাবে নিচ্ছে না রাজ্য। আচরণবিধি নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। স্পষ্ট বার্তা, দায়িত্বে থেকে নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের মুখে পড়তে হতে পারে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারকে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, তোলাবাজি বা অন্য কোনও গুরুতর অভিযোগ উঠলে বিষয়টি খতিয়ে দেখে তাঁকে সাময়িক ভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। অভিযোগের গুরুত্ব অনুযায়ী পরবর্তী পদক্ষেপও নেওয়া হবে।
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার ক্ষেত্রেও কড়া অবস্থান নেওয়া হয়েছে। টানা সাত দিন কোনও সিভিক ভলান্টিয়ার কাজে অনুপস্থিত থাকলে তাঁকে নোটিস দিয়ে জবাব তলব করা হবে। কেন তিনি দায়িত্বে হাজির হননি, তার ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট কর্মীকে। সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থার পথ খোলা থাকবে।
শুধু উপস্থিতি নয়, কাজের মানও এবার নিয়মিত ভাবে নজরে রাখা হবে। নির্দেশিকা অনুযায়ী, প্রতি তিন মাস অন্তর সিভিক ভলান্টিয়ারদের পারফরম্যান্স রিপোর্ট তৈরি করতে হবে। কে দায়িত্ব ঠিক ভাবে পালন করছেন, কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কার কাজে গাফিলতি ধরা পড়ছে। সবই সেই রিপোর্টে উঠে আসতে পারে।
পুলিশের কাজে সহায়তার জন্য নিয়োজিত সিভিক ভলান্টিয়ারদের একাংশের বিরুদ্ধে সময়ে সময়ে নানা অভিযোগ সামনে এসেছে। সেই প্রেক্ষাপটেই আচরণবিধি আরও স্পষ্ট ও কঠোর করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে বার্তা পরিষ্কার ডিউটিতে গাফিলতি নয়, অভিযোগ উঠলে রেহাইও নয়। দায়িত্ব, শৃঙ্খলা এবং জবাবদিহি এই তিন ক্ষেত্রেই এবার সিভিক ভলান্টিয়ারদের উপর নজরদারি আরও কড়া হচ্ছে।












