নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাস্তায় নেমে পরিদর্শন, আচমকা অভিযান, কখনও মাইক হাতে সচেতনতার বার্তা মন্ত্রী হওয়ার পর থেকেই মাঠে-ময়দানে তৎপর অগ্নিমিত্রা পাল ও শারদ্বত মুখোপাধ্যায়। এবার সেই দুই মন্ত্রীকেই দফতরের প্রশাসনিক কাজে আরও বেশি মন দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকেই দুই মন্ত্রীর উদ্দেশে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালকে সাম্প্রতিক সময়ে একের পর এক এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখতে দেখা গিয়েছে। ফুটপাত দখল থেকে রাস্তার নিরাপত্তা, বাজারের পরিস্থিতি বিভিন্ন বিষয়ে সরেজমিনে নেমেছেন তিনি। পার্ক স্ট্রিটে রাস্তার ধারে স্টোভে দুধ গরম করা এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। আবার কখনও মাইক হাতে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে সতর্ক করতেও দেখা গিয়েছে তাঁকে। এই সমস্ত ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতেও কম চর্চা হয়নি।
অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কেও হাসপাতাল-সহ বিভিন্ন জায়গায় আচমকা পরিদর্শন ও জনসংযোগে দেখা গিয়েছে। সেই আবহেই বুধবারের মন্ত্রিসভার বৈঠকে অগ্নিমিত্রা ও শারদ্বতকে নিজেদের দফতরের প্রশাসনিক দায়িত্বে আরও বেশি ‘ফোকাসড’ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ মাঠে নজরদারির পাশাপাশি এবার ফাইল, পরিকল্পনা এবং দফতরের দৈনন্দিন কাজেও জোর দেওয়ার বার্তা নবান্নের।
তবে শুধু দুই মন্ত্রীকে বার্তাতেই শেষ নয়। বুধবারের মন্ত্রিসভার বৈঠক থেকে নিয়োগ নিয়েও এসেছে বড় খবর। চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে মোট ১ লক্ষ ৫১ হাজার শূন্যপদ পূরণের সিদ্ধান্ত হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে খালি থাকা পদ দ্রুত পূরণ করে প্রশাসনিক কাজে গতি বাড়ানোই এই সিদ্ধান্তের লক্ষ্য বলে খবর।
এর মধ্যে পুলিশেই বড়সড় নিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্য পুলিশে ১৬ হাজার এবং কলকাতা পুলিশে ৪ হাজার মোট ২০ হাজার পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নবান্নের বুধবারের বৈঠক থেকে বার্তা স্পষ্ট একদিকে দফতরের কাজে আরও জোর দিতে বলা হল দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে, অন্যদিকে লক্ষাধিক শূন্যপদ পূরণের সিদ্ধান্তে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পথে রাজ্য সরকার।












