নিজস্ব সংবাদদাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়াকে ঘিরে নাটকীয় মোড়। বাদ পড়া ও বিবেচনাধীন ভোটারদের আবেদন শুনানির জন্য গঠিত SIR ট্রাইব্যুনালের চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনা-র বেঞ্চ জানিয়ে দেয়, বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী খতিয়ে দেখবেন। শীর্ষ আদালত তাঁকে আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে।
SIR প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে ইতিমধ্যেই তীব্র বিতর্ক চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩২ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, আর প্রায় ৬০ লক্ষ আবেদন এখনও বিবেচনাধীন। এই বিপুল সংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী।
মামলায় বিস্ফোরক অভিযোগ করা হয়েছে, ট্রাইব্যুনালের বিচারবিভাগীয় দায়িত্ব পালনে প্রভাব বিস্তার করতেই বিচারপতি ও তাঁর পরিবারকে টার্গেট করা হয়েছে। আবেদনে দাবি, ২২ এপ্রিল ২০২৬ ট্রাইব্যুনালে যাওয়ার পথে তিনি একটি পথ দুর্ঘটনার মুখে পড়েন, যা পুলিশের মতে পরিকল্পিত হতে পারে। এরপর ৩০ এপ্রিল তাঁর রাজারহাটের বাড়িতে স্পিড পোস্টে হাতে লেখা হুমকি চিঠি পৌঁছায়। পরে কলকাতার বাড়িতেও একই ধরনের আরও একটি হুমকি চিঠি পাঠানো হয়। অভিযোগ, বাড়ির CCTV-র সংযোগেও কারসাজি করা হয়।
ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ২২৪, ৩৫১(২), ৩৫১(৪) এবং ৬১(২) ধারায় মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর এখন নজর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সিদ্ধান্তের দিকে। SIR-কে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই ঘটনা রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও বিতর্কের কেন্দ্রে নিয়ে এল।














