নিজস্ব প্রতিবেদকঃ পার্টির কাজে দিল্লি যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। শুক্রবার কলকাতা থেকে বিমানে দিল্লি যাওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন। দিল্লিতে পৌঁছনোর পর তাঁকে এইমসে ভর্তি করা হয়।
এইমস সূত্রে জানা গিয়েছে, ৮৭ বছর বয়সি বিমান বসুর শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল। চিকিৎসকদের পরামর্শে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছে বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, বিমানে থাকাকালীনই সামান্য অসুস্থতা অনুভব করেন বিমান বসু।
দিল্লি বিমানবন্দরে নামার পর তাঁকে দলের দিল্লির দফতর একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে অক্সিজেনের মাত্রা কম থাকার বিষয়টি জানান এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপরই তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়।
এইমসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের রাজ্য নেতৃত্বের দাবি, বিমান বসু এখন সুস্থ রয়েছেন এবং মূলত রুটিন চেকআপ ও পর্যবেক্ষণের জন্যই তাঁকে হাসপাতালে রাখা হয়েছে।
প্রবীণ এই বাম নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার খবর মেলায় আপাতত স্বস্তি ফিরেছে বাম শিবিরে। শেষ খবর অনুযায়ী, চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন বিমান বসু।














