নিজস্ব সংবাদদাতা: স্মার্টফোন কেনার স্বপ্ন, তারপর কিস্তির বোঝা শেষ পর্যন্ত সেই আর্থিক চাপই কি ঠেলে দিল চরম সিদ্ধান্তের দিকে? মহারাষ্ট্রে আইফোনের EMI ঘিরে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনার পর এবার দিল্লিতে সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা।
দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলার ৩০ বছরের দীপক কুমার পেশায় নৃত্যশিক্ষক। পাশাপাশি বাগান পরিচর্যার কাজও করতেন তিনি। স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার। কিন্তু গত কয়েক মাস ধরে আয় কমে যাওয়ায় আইফোনের মাসিক কিস্তি মেটানো কঠিন হয়ে পড়েছিল বলে পুলিশকে জানান দীপক।
শুক্রবার যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে দীপক জানান, EMI-এর চাপ এবং আর্থিক অনিশ্চয়তা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। সেই পরিস্থিতিতেই তিনি এমন পদক্ষেপ করেন বলে পুলিশকে জানান।
একই দিনে মহারাষ্ট্রেও আইফোনের কিস্তিকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির মর্মান্তিক পরিণতির খবর সামনে আসে। জানা যায়, কুণাল নামে এক যুবক আইফোন কিনেছিলেন। কিস্তি পরিশোধের জন্য পরিবারের কাছে টাকা চাওয়া হলেও আর্থিক সমস্যার কারণে তাঁর বাবা তা দিতে পারেননি। এরপর বাড়িতে শুরু হয় বচসা।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কুণাল বাড়ি ছেড়ে খাভদ্যা পাহাড়ে চলে যান। সেখানে গিয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন তিনি। খবর পেয়ে বাবা-মা, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘক্ষণ ধরে তাঁকে বোঝানোর চেষ্টা চলে।
উদ্ধারের জন্য নিরাপত্তা জাল বসানোরও চেষ্টা করেন দমকলকর্মীরা। কিন্তু পাহাড়ের কিনারায় কুণালের অবস্থান বারবার বদলে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত তাঁকে আটকানোর চেষ্টা করতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। কুণাল পড়ে গেলে তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর বাবা মুরলীধরও পড়ে যান। পরে সঙ্গীতারও পাহাড় থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। পরপর দুই রাজ্যে সামনে আসা এই ঘটনায় প্রশ্ন উঠছেসাধ্যের বাইরে গিয়ে কিস্তিতে কেনাকাটা কি কখনও কখনও পরিবারের উপর তৈরি করছে অসহনীয় আর্থিক চাপ?
আইফোন হোক বা অন্য কোনও দামি পণ্য কিস্তির সুবিধা থাকলেও নিজের আয় ও আর্থিক সামর্থ্য বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি, এই ঘটনাগুলি যেন ফের সেই সতর্কবার্তাই দিচ্ছে। তবে আর্থিক চাপ যতই কঠিন হোক, জীবন শেষ করে দেওয়া কোনও সমাধান নয়। সংকটের সময় পরিবার, বন্ধু বা বিশ্বস্ত মানুষের সাহায্য নেওয়াই সবচেয়ে জরুরি।














