নিজস্ব প্রতিবেদকঃ স্টেশন চত্বরকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং যাত্রীবান্ধব করে তুলতে বড়সড় পরিচ্ছন্নতা অভিযানে নামল দক্ষিণ-পূর্ব রেল। খড়্গপুর, আদ্রা, চক্রধরপুর ও রাঁচি রেলের চারটি ডিভিশনজুড়ে একযোগে চলছে বিশেষ সাফাই অভিযান। স্টেশন premises থেকে যাত্রী পরিষেবা সব ক্ষেত্রেই পরিচ্ছন্নতার মান বজায় রাখতে জোর দেওয়া হয়েছে।
স্টেশনের প্ল্যাটফর্ম, সার্কুলেটিং এরিয়া, অপেক্ষাকক্ষ, ফুট ওভারব্রিজ, শৌচাগার, পানীয় জলের জায়গা এবং অন্যান্য যাত্রী পরিষেবা এলাকায় চলছে নিবিড় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কোথাও যান্ত্রিক পদ্ধতিতে সাফাই, কোথাও আবার নিয়মিত আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বর্জ্য পৃথকীকরণ এবং দ্রুত নিষ্পত্তির উপর। স্টেশন চত্বরের পাশাপাশি রেললাইনের ধারে এবং স্টেশন সংলগ্ন এলাকাতেও আবর্জনা জমতে না দেওয়ার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন রাখা এবং সংগৃহীত কঠিন বর্জ্য নির্দিষ্ট পদ্ধতিতে নিষ্পত্তির বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। পরিচ্ছন্নতা ব্যবস্থায় কোনও খামতি থাকছে কি না, তা খতিয়ে দেখতে নিয়মিত স্টেশন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিক ও সুপারভাইজারদের। চিহ্নিত সমস্যাগুলি দ্রুত সমাধানের উপরও জোর দেওয়া হয়েছে।
শুধু সাফাই অভিযানেই থেমে থাকছে না রেল প্রশাসন। যাত্রীদের মধ্যেও সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও যাত্রীদের স্টেশন ও রেল চত্বর পরিষ্কার রাখার আবেদন জানানো হচ্ছে। রেল প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ও সাধারণ মানুষের কাছে আবেদন, আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করুন এবং রেল চত্বর পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন।
রেলের মতে, প্রশাসনের পাশাপাশি যাত্রীদের সক্রিয় অংশগ্রহণেই গড়ে উঠতে পারে আরও পরিষ্কার ও স্বস্তিদায়ক রেল পরিবেশ। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আরামদায়ক স্টেশন পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই অভিযান আগামী দিনেও গুরুত্বের সঙ্গে চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।













