নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি থামার নাম নেই! এক দফা দুর্যোগের পর ফের বাংলার আকাশে ঘনাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। মধ্যপ্রদেশের দিকে সরে যাওয়া নিম্নচাপ ফের বাংলামুখী হওয়ায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টির দাপট। ফলে সপ্তাহের শুরুতেই ফের সতর্কতার ঘণ্টা বাজছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও থাকছে বেশ কিছু এলাকায়। এরপর মঙ্গলবার বৃষ্টির প্রভাব আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টির তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা।
তবে বুধবার আবহাওয়ার নজর ঘুরতে পারে দক্ষিণ-পশ্চিম বাংলার দিকে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। IMD-র দক্ষিণবঙ্গের পূর্বাভাসেও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা উল্লেখ করা হয়েছে।
ফলে নদী ও নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই যেসব এলাকায় জল জমেছে, সেখানে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষিকাজেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। অর্থাৎ, বর্ষার বিদায়ঘণ্টা এখনও বাজেনি বরং নিম্নচাপের ‘ইউ-টার্নে’ ফের ভিজতে চলেছে বাংলা। আগামী কয়েকদিন আবহাওয়ার গতিবিধির দিকে নজর রাখাই এখন সবচেয়ে জরুরি।














