নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে বড়সড় রেল পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত। চেঙ্গাইল ইয়ার্ডে রিমডেলিংয়ের কাজের কারণে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে একাধিক লোকাল, মেমু ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। দক্ষিণ পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাতিল ট্রেনগুলির বিস্তারিত তালিকা জানানো হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে হাওড়া–খড়্গপুর, হাওড়া–মেদিনীপুর, হাওড়া–পাঁশকুড়া এবং হাওড়া–মেচেদা শাখার লোকাল ট্রেন পরিষেবায়। এছাড়াও উলুবেড়িয়া–হাওড়া, সাঁতরাগাছি–মেচেদা-সহ একাধিক রুটের লোকাল ট্রেন নির্দিষ্ট দিনে বাতিল থাকবে। হাওড়া–খড়্গপুর ও খড়্গপুর–হাওড়া মেমু পরিষেবাও প্রভাবিত হবে।
শুধু লোকাল নয়, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তালিকা অনুযায়ী, ১২০২১/১২০২২ হাওড়া–বারবিল–হাওড়া এক্সপ্রেস ৯ ও ১১ অক্টোবর বাতিল থাকবে। ২২৮৬১ হাওড়া–কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ৯ ও ১১ অক্টোবর এবং ২২৮৬২ কান্তাবাঞ্জি–হাওড়া ইস্পাত এক্সপ্রেস ৯ অক্টোবর চলবে না। ১২৮৭২ জুনাগড় রোড–হাওড়া ইস্পাত এক্সপ্রেস বাতিল থাকবে ১১ অক্টোবর।
এছাড়াও ১২৮৮৫/১২৮৮৬ শালিমার–ভোজুডি–শালিমার এক্সপ্রেস এবং ১২৮৫৭/১২৮৫৮ হাওড়া–দিঘা–হাওড়া এক্সপ্রেস ৯ অক্টোবর বাতিল থাকবে। ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া–পুরী–হাওড়া এক্সপ্রেস, ১৮০০৫/১৮০০৬ হাওড়া–জগদলপুর–হাওড়া, ১৮০১১/১৮০১২ হাওড়া–চক্রধরপুর–হাওড়া এবং ১৮০১৩/১৮০১৪ হাওড়া–বোকারো স্টিল সিটি–হাওড়া এক্সপ্রেস ১০ অক্টোবর বাতিল থাকবে।
রেলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৫৮০৩৪ রাঁচি–বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার ১০ অক্টোবর এবং ৫৮০৩৩ বোকারো স্টিল সিটি–রাঁচি প্যাসেঞ্জার ১১ অক্টোবর বাতিল থাকবে। একইভাবে ১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি–পুরুলিয়া–হাওড়া এক্সপ্রেস ১১ অক্টোবর চলবে না।
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চেঙ্গাইল ইয়ার্ডের পরিকাঠামো পুনর্বিন্যাস ও রিমডেলিংয়ের কাজের জন্যই এই সিদ্ধান্ত। ফলে ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবরের মধ্যে যাঁরা হাওড়া-খড়্গপুর শাখা বা সংশ্লিষ্ট দূরপাল্লার রুটে যাতায়াত করবেন, তাঁদের ট্রেনের নির্দিষ্ট তারিখ ও পরিষেবার অবস্থা যাচাই করে যাত্রার পরিকল্পনা করা প্রয়োজন।














