নিজস্ব সংবাদদাতা: রেলস্টেশন, প্ল্যাটফর্ম কিংবা ট্রেনের কামরায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা, থুতু দেওয়া বা রেলের সম্পত্তি নোংরা করার অভ্যাস থাকলে এবার আরও সতর্ক হতে হবে। রেল চত্বরের পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম ভাঙলে এবার ₹১,০০০ জরিমানা গুনতে হবে। আর সেই জরিমানা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে পেশ করা হবে। সেক্ষেত্রে আদালত সর্বোচ্চ ₹২,০০০ পর্যন্ত জরিমানা করতে পারে।
কেন্দ্রীয় সরকারের গেজেট বিজ্ঞপ্তি G.S.R. 758(E), dated 25 August 2026 অনুযায়ী, Indian Railways (Penalties for Activities Affecting Cleanliness at Railway Premises) Rules, 2012-এর জরিমানা সংক্রান্ত বিধিতে সংশোধন আনা হয়েছে। Jan Vishwas (Amendment of Provisions) Act, 2026-এর পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন করা হয়েছে। আগের নিয়মে রেল চত্বর নোংরা করার মতো অপরাধে সর্বোচ্চ ₹৫০০ জরিমানার বিধান ছিল। সংশোধিত নিয়মে সেই অঙ্ক বাড়িয়ে ₹১,০০০ করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, রেল চত্বর বা ট্রেনের কামরায় নির্দিষ্ট জায়গা ছাড়া আবর্জনা ফেলা বা জমা করা যাবে না। একই সঙ্গে নির্ধারিত ব্যবস্থা ছাড়া রান্না করা, স্নান করা, থুতু ফেলা, প্রস্রাব বা মলত্যাগ করা, পশু-পাখিকে খাবার দেওয়া, যানবাহন ধোয়া বা মেরামত করা, বাসন-কাপড় কিংবা অন্য কোনও সামগ্রী ধোয়া এবং কোনও ধরনের মালপত্র জমিয়ে রাখাও নিষিদ্ধ।
এছাড়াও বৈধ অনুমতি ছাড়া ট্রেনের কামরা, রেলের দেওয়াল বা অন্য কোনও রেল সম্পত্তিতে পোস্টার লাগানো, লেখা বা ছবি আঁকা এবং রেলের সম্পত্তি বিকৃত বা নোংরা করাও নিয়মভঙ্গের আওতায় পড়বে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করা এবং যাত্রীদের মধ্যে দায়িত্বশীল আচরণ বাড়ানোর লক্ষ্যেই জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।
একই সঙ্গে যাত্রী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, স্টেশন, প্ল্যাটফর্ম, ট্রেনের কামরা এবং অন্যান্য রেল চত্বর পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সহযোগিতা করার জন্য। নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার এবং যেখানে-সেখানে আবর্জনা বা থুতু না ফেলার বার্তাও দেওয়া হয়েছে। রেলের স্পষ্ট বার্তা পরিচ্ছন্ন রেল চত্বর বজায় রাখতে নিয়ম ভাঙলে এবার আর সামান্য জরিমানায় রেহাই নয়।














